সাভার, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাড়িতে ডেকে নিয়ে এক যুবককে হত্যার অভিযোগে তার দুই স্বজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় সাভারের আশুলিয়ার নরসিংহপুর থেকে জহির উদ্দিন ও তার স্ত্রী আসমা আক্তারকে গ্রেপ্তার করা হয়।
এর আগে নিহত হন মুকুল হোসেন (৩৫)। মুকুল গ্রেপ্তার আসমা আক্তারের ছোট বোনের স্বামী। তিনি লালমনিরহাট সদরের সেকান্দার আলীর ছেলে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মীর বিল্লাল হোসেন প্রতিবেশীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নরসিংহপুর এলাকার একটি ভাড়া বাসায় থাকেন জহির উদ্দিন ও আসমা আক্তার।
সন্ধ্যায় জহির তার ভায়রা মুকুল হোসেনকে দাওয়াত করে বাড়িতে ডাকেন। পরে ঘরের দরজা বন্ধ করে তারা স্বামী ও স্ত্রী শ্বাসরুদ্ধ করে মুকুলকে হত্যা করে।
প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে ওই দম্পত্তিকে বাড়ির মধ্যে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ তাদের ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে।
ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, দু'মাস আগে মুকুল প্রেম করে বিয়ে করেছিলেন আসমার ছোট বোনকে। কিন্তু আসমা ও তার স্বামী এই বিয়ে মেনে নেয়নি। এর জেরে বিরোধের কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৪ ঘ.
bdnews24