ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিদ্রোহের ঘটনায় হত্যা মামলার শুনানি ২১ সেপেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে।
ওইদিন সকাল সাড়ে ৯টা থেকে আদালতের কার্যক্রম আবার শুরু হবে। বুধবার বিকাল সোয়া ৪টায় আদালত এই মুলতবি আদেশ দেয়।
এ মামলার বাদী লালবাগ থানার তৎকালীন ওসি নব জ্যোতি খিসা বুধবার তৃতীয় দিনের মতো আদালতে সাক্ষ্য দেন। তাকে আসামি পক্ষের আইনজীবীদের জেরা শেষ হয়েছে।
বিকালে নিউমার্কেট থানার তৎকালীন ওসি মো. কামালউদ্দিন সাক্ষ্য দিতে আদালতে আসেন। তার শপথ গ্রহণের পরই আদালত মুলতবি করা হয়।
পরবর্তী তারিখে তিন নম্বর সাক্ষী কর্নেল আবু তাসনিন ও চার নম্বর সাক্ষী কর্নেল সামছুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।
বুধবার সকালে ৯টা ৫০ মিনিটে সাক্ষ্যগ্রহণ শুরুর পর দুপুর ২টা পর্যন্ত একটানা বাদির জেরা চলে। এরপর নামাজ ও দুপুরের খাবারের জন্য ৩০ মিনিট আদালত মুলতবি থাকে।
জেরার এক পর্যায়ে অপ্রাসঙ্গিক প্রশ্ন করায় আদালত আসামি পক্ষের আইনজীবীদের প্রতি বিরক্তি প্রকাশ করেন।
মহানগর দায়রা জজ জহুরুল হক বিরক্তি প্রকাশ করে বলেন, "এভাবে অপ্রাসঙ্গিক প্রশ্ন করতে থাকলে এই মামলার বিচার তো কোনদিনই শেষ হবে না।"
হত্যা মামলার বাদির সাক্ষ্যগ্রহণ শেষে একই ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় ৮৩১ আসামির অব্যাহতির আবেদনের শুনানি হওয়ার কথা থাকলেও রাষ্ট্রপক্ষের আবেদনে তা ১৪ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করা হয়।
বিস্ফোরক আইনে করা মামলায় গত ২৪ অগাস্ট আদালত ৪৫০ জন আসামির নাম তলব করে। তাদের মধ্যে ৩২১ জনের আইনজীবী অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।
২০০৯ সালের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ অন্তত ৭০ জন নিহত হন। বিদ্রোহের বিচার বিডিআর আদালতে হলেও হত্যা-লুণ্ঠনের বিচার চলছে প্রচলিত আইনে।
রক্তাক্ত ওই বিদ্রোহের পর বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী নাম বদলে এখন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হিসেবে পরিচিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/০০২৫ ঘ.
bdnews24