ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সত্য ও জবাবদিহিতা কমিশনে (ট্রুথ কমিশন) গিয়ে দোষ স্বীকার করা সাব-রেজিস্ট্রার ও জেলা রেজিস্ট্রারদের পেনশন সংক্রান্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে।
বুধবার আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রুথ কমিশনে যাওয়া ওই কর্মকর্তাদের বিষয়টি দুর্নীতি দমন কমিশনে (দুদক) নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পেনশন সংক্রান্ত কার্যক্রম স্থগিত থাকবে।
স¤প্রতি ট্রুথ কমিশনে যাওয়া কয়েকজন সাব-রেজিস্ট্রার ও জেলা রেজিস্ট্রারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার উদ্যোগ নেয় আইন মন্ত্রণালয়। তবে তার আগেই অভিযুক্ত কয়েকজন চাকরি থেকে অবসর নেন। ফলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি মন্ত্রণালয়।
২০০৮ সালের ৩ জুলাই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাষ্ট্রপতির অধ্যাদেশে সত্য ও জবাবদিহিতা কমিশন গঠিত হয়। দুর্নীতির দায়ে ২ বছরের কম মেয়াদে সাজাপ্রাপ্তদের শর্তসাপেক্ষে ক্ষমা করে দেওয়ার লক্ষ্যে গঠিত এ কমিশন 'ট্রুথ কমিশন' নামে পরিচিতি পায়।
তবে সাজা পাওয়ার আগেই বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েকশ ব্যক্তি তাদের দোষ স্বীকার করে জরিমানা দিয়ে দায়মুক্ত হয়।
ট্রুথ কমিশনের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদনের প্রেক্ষিতে ২০০৮ সালের ১৩ নভেম্বর এ কমিশনকে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট ।
এরপর চলতি বছরের ১৬ মে ও জবাবদিহিতা কমিশন (ট্রুথ কমিশন) অবৈধ ঘোষণা করে দেওয়া ওই রায়ের বিরুদ্ধে আপিল আবেদন খারিজ করে আপিল বিভাগ।
ফলে ট্রুথ কমিশনে দায়মুক্তি পাওয়াদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অধিকার পায় দুদক ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/২৩৩০ ঘ.
bdnews24