ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উন্নত চিকিৎসার জন্য কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ যুক্তরাষ্ট্র গেছেন।
বুধবার ভোরে ঢাকা থেকে স্ত্রী মেহের আফরোজ শাওন ও দুই ছেলেকে নিয়ে হুমায়ুন আহমেদ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওয়ানা হন বলে জানিয়েছেন তার ছোট ভাই মুহাম্মদ জাফর ইকবাল।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক জাফর ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিঙ্গাপুরে তিনি (হুমায়ুন আহমেদ) নিয়মিত স্বাস্থ্য চেকআপ করাতেন। সেখানে তার কোলন ক্যান্সার ধরা পড়ে। এ জন্যে উন্নত চিকিৎসার জন্যে তার যুক্তরাষ্ট্রে যাত্রা।"
যুক্তরাষ্ট্রে ক্যান্সারের বিশেষায়িত হাসপাতাল স্লোয়ান কেটারিং হাসপাতালে হুমায়ুন আহমেদ ভর্তি হবেন বলে জানান জাফর।
তিনি বলেন, "আমি সি অফ করতে বিমানবন্দরে যাইনি। সিলেটে রয়েছি। তবে একেবারে নরমাল মানুষের মতোই রয়েছেন তিনি। তারা ভোর রাতেই যাত্রা করেছেন। ভর্তি হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।"
১৯৪৮ সালে হুমায়ুন আহমেদের জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাও করেছেন তিনি। দেশের সাহিত্য, নাটক, সিনেমাসহ বহুক্ষেত্রে তিনি সাফল্যের শীর্ষে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/২২১৪ ঘ.
bdnews24