২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ব্র্যাকের নারী কর্মী গ্রেপ্তার

প্রতারণার অভিযোগে বাগেরহাটের শরণখোলা উপজেলা থেকে ব্র্যাকের এক নারী কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2011, 02:06 PM

Updated : 24 Aug 2022, 03:58 PM

বাগেরহাট, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারণার অভিযোগে বাগেরহাটের শরণখোলা উপজেলা থেকে ব্র্যাকের এক নারী কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত লিপিকা আক্তার ওরফে লুসি (৩০) ব্র্যাকের শরণখোলা কার্যালয়ের সামাজিক উন্নয়ন (মানবাধিকার) প্রকল্পে কর্মসূচি সংগঠক। তার বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলার নরেন্দ্রপুর গ্রামে। শরণখোলা বাসস্ট্যান্ড এলাকা থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানো হয় বলে পুলিশ জানায়। শরণখোলা থানার উপ-পরিদর্শক (এসআই) গাজী মোহম্মদ ইকবাল জানান, চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকার ব্যবসায়ী মোমিনুল ইসলাম চৌধুরীর দায়ের করা প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত আসামি হিসেবে লুসিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আমেরিকায় পাঠানোর নাম করে ওই ব্যাবসায়ীর কাছ থেকে মোটা অংকের টাকা আত্মসাৎ করেছেন। বাগেরহাট পুলিশ সুপারের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়। এসআই ইকবাল আরো জানান, এই মামলায় লুসির বোন সোহেলী আক্তার সুইটি এবং তার ভগ্নিপতি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাঁতি গ্রামের লোকমান খানও আসামি। তাদের আটকের চেষ্টা চলছে। লুসি পরিচয় গোপন রেখে ব্র্যাকে কাজ করছিলেন বলে পুলিশ কর্মকর্তা জানান। চট্টগ্রামের ব্যবসায়ী মোমিনুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লুসির বড় বোন সুইটি চট্টগ্রামে একটি তৈরি পোশাক কারখানায় কাজ করার সময় ২০০৭ সালে তার সঙ্গে পরিচয় হয়। এক বছর পর সুইটি ঢাকা চলে এলেও মাঝে মাঝে চট্টগ্রামে যেত। এছাড়া সুইটির সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিলো। তাকে আমেরিকা পাঠানোর নাম করে লুসি, সুইটি ও লোকমান নকল পরিচয় ও ঠিকানা ব্যবহার করে চলতি বছরের এপ্রিল থেকে মে মাস পর্যন্ত কয়েক দফায় ১৯ লাখ টাকা নেয়। কিন্তু এক পর্যায়ে তারা তাকে (ব্যবসায়ী) ভয়-ভীতি ও হুমকি দেয়া শুরু করেন এবং তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। গত ৩ জুলাই চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি একটি প্রতারণার মামলা করেন। ২৩ অগাস্ট আদালত ওই তিন জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ব্র্যাক শরণখোলা কার্যালয় শাখার ব্যবস্থাপক নাজমা বেগম জানান, লুসি তাদের কাছে লিপিকা আক্তার নামে পরিচিত ছিলেন। তিনি প্রায় এক বছর ধরে এই শাখায় সামাজিক উন্নয়ন (মানবাধিকার) প্রকল্পে কর্মসূচি সংগঠক হিসেবে কর্মরত রয়েছেন। তাকে গ্রেপ্তারের বিষয়টি বুধবার সংগঠনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান নাজমা বেগম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০০০ ঘ.