বেনাপোল, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে নারী ও শিশুসহ ১৩ জনকে আটক করেছে বিজিবি।
বুধবার ভোরে সাদিপুর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে বেনাপোল চেকপোস্টের বিজিবি কর্মকর্তা সুবেদার জয়নাল আবেদিন জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশে প্রবেশের সময় নারী ও শিশুসহ ১৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৫ জন শিশু, ৬ জন নারী ও ২ পুরুষ রয়েছেন।
এরা হলেন- কোহিনুর (২৫), আসমা আক্তার (২৭), শৈলেখা (৩৫), তহমিনা (৩০), রাশেদা (১৯), শিরিনা আক্তার (২৫), পান্নু শেখ (৩৮), নজির গাজী (৪০)। পাঁচ শিশু হলো বৃষ্টি, মারুফ, শিপ্রা, রাহূল ও ইয়ামিন।
বিজিবি কর্মকর্তা আরো জানান, এদের সবার বাড়ি খুলনা ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়। তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯১০ ঘ.
bdnews24