২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাক্ষী মেলেনি, প্রতিমন্ত্রীর এপিএস মুক্ত

সাক্ষী না পাওয়া এবং আপসের কথা জানিয়ে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পর রংপুর পাউবো কার্যালয়ে দরপত্র সন্ত্রাসের মামলায় জামিনে ছাড়া পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর এপিএস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2011, 01:11 PM

Updated : 24 Aug 2022, 03:58 PM

রংপুর, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাউবো কার্যালয়ে দরপত্র নিয়ে সন্ত্রাস চালানোর মামলায় জামিনে ছাড়া পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর এপিএস সাজ্জাদ হোসেন সাগর। এদিকে ওই ঘটনায় আপস এবং সাক্ষী না পাওয়ার কারণ দেখিয়ে মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ, যদিও ঘটনার সত্যতা মিলেছে বলে স্বীকার করেছেন কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন। বুধবার রংপুরের বিচার বিভাগীয় হাকিম নিত্যানন্দ সরকার আসামি সাগর, রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোহেলসহ ১১ জনকেই জামিন দেন। দ্রুত বিচার আইনে করা এ মামলার সব আসামিকে আদালতে হাজির করা হয়। দুুপুর আড়াইটায় হাজতখানা থেকে বেরিয়ে আসার পর তাদের ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানায় রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অনেক নেতা-কর্মী। গত ৬ সেপ্টেম্বর রংপুর পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে লালমনিরহাট জেলার একটি কাজের দরপত্র জমা দেওয়ার সময় ঠিকাদারদের বাধা ও মারধর করা হয়। এরপর পুলিশ প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাগ্নে ও সহকারী একান্ত সচিব সাগরসহ ১১ জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ঠিকাদার আব্দুল বাছেত বাদি হয়ে কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন। এদিকে কোতয়ালি ওই মামলা তদেন্তর পর আসামিদের অব্যাহতি দেওয়ার সুপারিশ জানিয়ে বুধবার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। থানার ওসি আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, বিধান অনুযাযী দ্রুত বিচার আইনের মামলায় ৭ কার্যদিবসের মধ্যেই তদন্ত শেষ করে অভিযোগপত্র অথবা চূড়ান্ত প্রতিবেদন দিতে হয়। "সে কারণে ঘটনার সত্যতা পাওয়া গেলেও মামলার বাদি পাউবোর ঠিকাদার আব্দুল বাছেত মামলা চালাতে রাজি না হওয়ায় এবং কোনো সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় চার্জশিট দাখিল না করে ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে," বলেন তিনি। ওসি আরো বলেন, মামলার বাদি বাছেত নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেফিট করে জানিয়েছেন, তিনি মামলা চালাতে চান না। তাদের মধ্যে আপস হয়ে গেছে। "পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে তাণ্ডব চালানো হলেও কোনো কর্মকর্তাই সাক্ষ্য দিতে রাজি হননি," যোগ করেন তিনি। আপসের বিষয়ে ঠিকাদার বাছেতের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়েও তাকে পাওয়া যায়নি। তবে আপসের বিষয়টি নাকচ করেছেন আওয়ামী লীগের নেতারা। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা আদালতে জামিনের আবেদন করেছিলাম। আদালতই জামিন দিয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০১ ঘ.