২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্মেলনের প্রস্তুতি প্রধানমন্ত্রীকে জানালেন সার্ক মহাসচিব

মালদ্বীপে আসন্ন সার্ক শীর্ষ সম্মেলনের প্রস্তুতি বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন সার্কের মহাসচিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2011, 01:01 PM

Updated : 24 Aug 2022, 03:58 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালদ্বীপে আসন্ন সার্ক শীর্ষ সম্মেলনের প্রস্তুতি বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন সার্কের মহাসচিব। শেখ হাসিনার সঙ্গে সার্কের মহাসচিব ফাতিমা ধিয়ানা সায়ীদের সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের একথা জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুধবার সৌজন্য সাক্ষাৎ করেন মহাসচিব। আগামী নভেম্বরে মালদ্বীপে ১৭তম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রেস সচিব বলেন, আলোচনায় প্রধানমন্ত্রী আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন। "তিনি এ অঞ্চলের দারিদ্র বিমোচন ও সামাজিক উন্নয়নে সার্কের সদস্য দেশগুলোর ভূমিকার ওপরও গুরুত্ব আরোপ করেন।" ফাতিমা প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন। গত বছর ভুঠানে অনুষ্ঠিত ষোড়শ সার্ক সম্মেলনে 'সার্ক গণতন্ত্র সনদ' উত্থাপন করায় শেখ হাসিনার প্রশংসা করেন ফাতিমা। সাক্ষাতের সময় অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব এম এ করিম, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান ও প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। এর আগে, বাংলাদেশে মিয়ানমারের রাষ্ট্রদূত উ মিন লুইন প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রেস সচিব জানান, দুদেশের মধ্যে যাতায়াত আরো সহজ করতে সরাসরি সড়ক, রেল ও বিমান যোগাযোগের ওপর গুরুত্ব দেন শেখ হাসিনা। সকালে ডেনমার্কের ব্যবসায় উদ্যোক্তা হ্যাল্ডর টোপ্স প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন। তিনি বাংলাদেশে আরো বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন- জানান প্রেস সচিব। টোপ্সের প্রতিষ্ঠান হ্যাল্ডর টোপ্স কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের ১৫ শতাংশ শেয়ারের মালিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৮৫৮ ঘ.