২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়কর বিবরণী জমার সময় বাড়ছে না

ব্যক্তিশ্রেণীর করদাতাদের আয়কর বিবরণী জমার সময় প্রতি বছর বাড়ানো হলেও এবার কোনোভাবেই তা না বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2011, 05:51 AM

Updated : 24 Aug 2022, 03:58 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যক্তিশ্রেণীর করদাতাদের আয়কর বিবরণী জমার সময় প্রতি বছর বাড়ানো হলেও এবার কোনোভাবেই তা না বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। এনবিআর চেয়ারম্যান মো. নাসিরউদ্দিন আহমেদের বক্তব্য অনুযায়ী ৩০ সেপ্টেম্বরের মধ্যেই আয়কর বিবরণী জমা দিতে হবে। আয়কর অধ্যাদেশ অনুযায়ী, প্রতি বছর সেপ্টেম্বর মাসজুড়ে আয়কর বিবরণী জমা নেওয়া হয়। তবে বিভিন্ন মহলের দাবির মুখে প্রতি বছরই এ সময়সীমা বাড়ানো হয়ে আসছে। বাড়াবে না বলেও গত বছর এ সময়সীমা এক সপ্তাহ বাড়ানো হয়েছিলো। এর আগে এক মাসও বাড়ানোর নজির রয়েছে। এ বছরও বাড়ানো হবে কি না- জানতে চাওয়া হলে বুধবার এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান নাসির বলেন, "আপনারা (সাংবাদিক) লিখতে পারেন, এ বছর আর সময় বাড়ানো হবে না।" ৩০ সেপ্টেম্বর শুক্রবার হলেও সেদিনও কর কার্যালয়গুলো খোলা থাকবে। "ব্যাংকগুলোও খোলা রাখার জন্য বলেছি আমরা, কেন্দ্রীয় ব্যাংকও এতে ইতিবাচক সাড়া দিয়েছে", বলেন নাসির। আয়কর বিবরণী (রিটার্ন) জমা দেওয়ার সময়সীমা না বাড়ানোর পক্ষে বরাবরই অবস্থান নিয়ে আসছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে শেষ পর্যন্ত বাড়ানোর বিষয়ে সায় দিতে হচ্ছে তাকে। রাজস্ব বোর্ডের হিসাবে, দেশে কর সনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) সংখ্যা ২৬ লাখ। এর মধ্যে করদাতার সংখ্যা ৯ লাখ। ২০০৯-১০ অর্থবছরে ৮ লাখ ১৫ হাজার করদাতার কাছ থেকে আয়কর আদায় হয়েছিলো ১৭ হাজার ৮৭ কোটি টাকা। ২০১০-১১ অর্থবছরে ২১ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১১৪০ ঘ.