২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলদস্যুতা প্রতিরোধে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

বঙ্গোপসাগর ও সুন্দরবনে জলদস্যুদের প্রতিরোধে বিক্ষোভ মিছিল-সমাবেশ ও মানববন্ধন করেছে বাগেরহাটের জেলেরা। পরে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2011, 05:59 PM

Updated : 24 Aug 2022, 03:57 PM

বাগেরহাট, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগর ও সুন্দরবনে জলদস্যুদের প্রতিরোধে বিক্ষোভ মিছিল-সমাবেশ ও মানববন্ধন করেছে বাগেরহাটের জেলেরা। পরে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়। জাতীয় মৎস্যজীবী সমিতি শরণখোলা উপজেলা শাখা চার দফা দাবিতে এ কর্মসূচি পালন করে। গত শনিবার সুন্দরবনের নারকেলবাড়িয়া এলাকায় বঙ্গোপসাগর থেকে মুক্তিপণের দাবিতে শরণখোলার ১০ জেলেসহ মোট ৫০ জেলেকে অপহরণ করার পর মৎস্যজীবীরা এই কর্মসূচি দেয়। মঙ্গলবার সকাল থেকে জলদস্যুদের হাতে নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত জেলেরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসে শরণখোলা প্রেসক্লাব চত্বরে সমবেত হন। সকাল ১০টায় সহ¯্রাধিক জেলে বিক্ষোভ মিছিল নিয়ে রায়েন্দা বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে। রায়েন্দা ইউপি চেয়ারম্যান শেখ আসাদুজ্জামান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন আকন, সাউথখালী ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন, আওয়ামী লীগ নেতা এম এ রশিদ আকন, জাতীয় মৎস্যজীবী সমিতি শরণখোলা শাখার সভাপতি মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক মজিবর রহমান তালুকদার, মৎস্যজীবী নেতা আবুল কালাম আজাদ, দুলাল ফরাজী, সোলায়মান হোসেন প্রমুখ। সমাবেশ ও মানববন্ধন শেষে দুপুরে জেলেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার জহিরুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করে। সমিতির শরণখোলা শাখার সভাপতি আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এখনো অপহৃত ৫০ জেলের কাউকে উদ্ধার করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২৩৫৫ ঘ.