২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক গাড়ি তিন দফায় বিক্রি, গ্রেপ্তার ৯

চট্টগ্রাম থেকে চুরির পর তিন দফায় বিক্রি হওয়া একটি প্রাইভেটকার ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার হয়েছে চোর চক্রের নয়জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2011, 02:53 PM

Updated : 24 Aug 2022, 03:57 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম থেকে চুরির পর তিন দফায় বিক্রি হওয়া একটি প্রাইভেটকার ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার হয়েছে চোর চক্রের নয়জন। গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুর জব্বার (২৯), মো. আইয়ুব (৩০), পারভেজ (২০), আব্দুর রউফ (৩০), মো. আনোয়ার হোসেন (৩৫), দীপু মল্লিক (৩২), মো. নান্নু মিয়া (৩০), মো. আমিনুল ইসলাম (২২), মাহমুদুল হাসান দিপু (২৮)। মঙ্গলবার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (উত্তর) আমেনা বেগম এক সংবাদ সম্মেলনে জানান, দুই দিন টানা অভিযান চালিয়ে নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সদীপ কুমার দাশ, উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মহসিন ও নেজাম উদ্দিনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে গাড়িটি উদ্ধার করে। মোহাম্মদ মহসিন জানান, গাড়িটির ইঞ্জিন, চেসিস নম্বর ও রং পরিবর্তন করে তিন দফায় বিক্রি করা হয়। গত ১৩ অগাস্ট খাতুনগঞ্জের ব্যবসায়ী ফোরকান মিয়ার টয়োটা কোম্পানির জি করলা মডেলের গাড়িটি তার চালক আব্দুর জব্বার চুরি করেন। এক লাখ টাকার বিনিময়ে আইয়ুব ও পারভেজের কাছে গাড়িটি বিক্রি করেন জব্বার। এরা আবার তিন লাখ টাকার বিনিময়ে কবির, আব্দুর রউফ ও আরমান নামের অন্য তিনজনের কাছে গাড়িটি বিক্রি করে দেয়। সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা আমেনা বেগম বলেন, পরে গ্রেপ্তারকৃত আনোয়ারের মধ্যস্থতায় ১২ লাখ ৮০ হাজার টাকায় নান্নু মিয়া, আমিনুল ইসলাম ও মাহমুদুল ইসলাম দিপুর কাছে গাড়িটি আবার বিক্রি হয়। পরিদর্শক সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজনকে চট্টগ্রাম এবং ছয়জনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার মোহম্মদপুর থানার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকার একটি গ্যারেজ থেকে গাড়িটিসহ মাহমুদুল ইসলাম দীপুকে গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে গাড়িসহ গ্রেপ্তার নয়জনকে হাজির করা হয়। এই ঘটনায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/আরএ/পিডি/২০৪৪ ঘ.