চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের পদত্যাগের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছে একটি সংগঠন।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে 'ছাত্র-শিক্ষক-পেশাজীবী জনতা' নামের একটি সংগঠন এ কর্মসূচি আয়োজন করে।
বেহাল সড়কের জন্য যোগাযোগ মন্ত্রণালয়কে দায়ী করে বক্তারা বলেন, যোগাযোগমন্ত্রী সড়কে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার পরও ক্ষমতা আঁকড়ে আছেন।
যোগযোগমন্ত্রীর পদত্যাগ অথবা অপসারণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেন তারা।
কর্মসূচিতে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক আবুল মনসুর, সিপিবি চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ আলম, উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. চন্দন দাশ, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রতন রায়, ওয়ার্ড কাউন্সিলর জান্নাতুল ফেরদাউস পপি, সংস্কৃতিকর্মী রাশেদ হাসান প্রমুখ।
কর্মসূচিতে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা সংহতি জানিয়ে অংশ নেন।
গত রোজায় ঢাকা-ময়নসিংহ মহাসড়ক সংস্কারের দাবিতে ১২টি রুটে ১০ অগাস্ট থেকে প্রায় এক সপ্তাহ বাস চলাচল বন্ধ রাখে পরিবহন মালিকরা।
এর মধ্যে গত ১৩ অগাস্ট মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা আশফাক মুনীরসহ পাঁচজন।
ওই দুর্ঘটনার পর সড়কের নিরাপত্তা নিয়ে সরকারের ভেতরে ও বাইরে চাপে পড়েন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। অভিযোগ ওঠে, নৌমন্ত্রী শাজাহান খানের চাপে অদক্ষদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হচ্ছে।
এ ঘটনার পর যোগাযোগমন্ত্রীর পদচ্যুতির দাবিতে ঈদের দিন শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে 'ছাত্র-শিক্ষক-পেশাজীবী-জনতা'। যোগাযোগমন্ত্রীর পদচ্যুতি না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/পিডি/১৮৪২ ঘ.
bdnews24