ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রপ্তানি আয়ে গতিশীলতা আগের বছরের মতোই রয়েছে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে এ ক্ষেত্রে প্রবৃদ্ধির পরিমাণ ৩০ শতাংশ।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মঙ্গলবার প্রকাশিত তথ্যে দেখা যায়, ২০১১-১২ অর্থবছরের জুলাই-অগাস্ট মাসে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৩০ দশমিক ৪৪ শতাংশ। অর্থাৎ গত অর্থবছরের জুলাই-অগাস্টের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে রপ্তানি আয় বেড়েছে ৩০ দশমিক ৪৪ শতাংশ।
অগাস্ট মাসে প্রবৃদ্ধি হয়েছে ৩২ দশমিক ৪০ শতাংশ। জুলাই মাসে প্রবৃদ্ধি হয়েছিলো ২৮ দশমিক ৭০ শতাংশ।
ইপিবির তথ্য অনুযায়ী, জুলাই-আগস্ট সময়ে রপ্তানি করে সবমিলিয়ে ৪৭১ কোটি ৬৩ লাখ ডলার এনেছে দেশ। গত অর্থবছরের একই সময়ে এসেছিলো ৩৬১ কোটি ৫৭ লাখ ডলার।
এ সময়ে লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি আয় বেড়েছে ৭ দশমিক ৩৪ শতাংশ। জুলাই-আগস্ট সময়ের লক্ষ্যমাত্রা ছিলো ৪৩৯ কোটি ৩৭ লাখ ডলার।
ইপিবির তথ্য পর্যালোচনায় দেখা যায়, অতীতের সব রেকর্ড ভেঙে ২০১০-১১ অর্থবছরে রপ্তানি থেকে আয় হয় প্রায় ২৩ বিলিয়ন (২ হাজার ২৯২ কোটি ৪৪ লাখ) ডলার। বার্ষিক প্রবৃদ্ধি ছিলো ৪১ দশমিক ৪৭ শতাংশ।
২০০৯-১০ অর্থবছরে রপ্তানি থেকে এসেছিলো ১৬ দশমিক ২০ বিলিয়ন (১ হাজার ৬২০ কোটি) ডলার। প্রবৃদ্ধির পরিমাণ ছিলো ৪ দশমিক ১১ শতাংশ। ২০০৮-০৯ অর্থবছরে আসে ১৫ দশমিক ৫৬ বিলিয়ন (১ হাজার ৫৫৬ কোটি) ডলার। প্রবৃদ্ধি ছিলো ১০ দশমিক ৩১ শতাংশ।
২০১১-১২ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ হাজার ৬৫০ কোটি (২৬ দশমিক ৫০ বিলিয়ন) ডলার।
জুলাই-আগস্ট সময়ে রপ্তানি আয়ের ক্ষেত্রে বড় অবদান রেখেছে নিট পোশাক। এ খাত থেকে ১৫৮ কোটি ৯৩ লাখ ডলার আয় হয়েছে। প্রবৃদ্ধি ২৯ দশমিক ৬৪ শতাংশ। এরপরেই উভেন পোশাক। এ খাত থেকে এসেছে ১৩১ কোটি ৬৭ লাখ ডলার, প্রবৃদ্ধি ৩৩ দশমিক ৫৭ শতাংশ।
গত অর্থবছরও নিট পোশাক রপ্তানি থেকে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা এসেছিলো। এর পরিমাণ ছিলো ৯৪৮ কোটি ২০ লাখ ডলার। উভেন পোশাক রপ্তানি করে আয় হয় ৮৪৩ কোটি ২৪ লাখ ডলার।
জুলাই-আগস্ট সময়ে পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৩২ দশমিক ৯৬ শতাংশ। এর মধ্যে কাঁচা পাট রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৭৪ দশমিক ৮৪ শতাংশ। পাটের তৈরি বস্তা ও ব্যাগ রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ২০ দশমিক ২৮ শতাংশ। পাটজাত সুতা ও পাটের তৈরি অন্যান্য পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ২৬ দশমিক ৫১ শতাংশ।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, প্রধান প্রধান রপ্তানি খাতের প্রায় সবগুলোতেই আয় বেড়েছে। হিমায়িত মাছ রপ্তানি বেড়েছে ২৫ দশমিক ৪৫ শতাংশ। কৃষিজাত পণ্য রপ্তানি বেড়েছে ১২ দশমিক ৮৬ শতাংশ।
২০১০-১১ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো ১৮ দশমিক ৫০ বিলিয়ন (১ হাজার ৮৫০ কোটি) ডলার। এর বিপরীতে আয় হয় ২ হাজার ২৯২ কোটি ৪৪ লাখ ডলার। এ হিসাবে গত অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়েও ৪ দশমিক ৪৫ বিলিয়ন (৪৫০ কোটি) ডলার বেশি রপ্তানি আয় দেশে এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৮৩৯ ঘ.
bdnews24