২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশ্রিতাদের অনৈতিক কাজে বাধ্য করানোর অভিযোগ

সমাজসেবা অধিদপ্তরের সামাজিক প্রতিবন্ধী ও নারীদের প্রশিক্ষণ কেন্দ্রের চার কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে আশ্রিতাদের অনৈতিক কাজে বাধ্য করানোর অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2011, 06:38 PM

Updated : 24 Aug 2022, 03:57 PM

বরিশাল, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমাজসেবা অধিদপ্তরের সামাজিক প্রতিবন্ধী ও নারীদের প্রশিক্ষণ কেন্দ্রের চার কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে আশ্রিতাদের অনৈতিক কাজে বাধ্য করানোর অভিযোগ পাওয়া গেছে। সোমবার বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন কেন্দ্র থেকে সদ্য প্রত্যাহার হওয়া আনসার সদস্য নাসিমা বেগম এবং দুই আশ্রিতা। অভিযোগ আনা হয়েছে সমাজ সেবা কর্মকর্তা মো. সাজ্জাদ পারভেজ, কেন্দ্রের ফার্মাসিস্ট মো. রেজাউল করিম, হেড ওয়েটার জসিমউদ্দিন ও সেলাই প্রশিক্ষক শাহিনা বেগমের বিরুদ্ধে। সামাজিক প্রতিবন্ধী ও মেয়েদের প্রশিক্ষণ কেন্দ্রটি নগরীর কালিজিরা এলাকায় অবস্থিত। বর্তমানে এখানে আশ্রিত ৩৫ জন নারী রয়েছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাসিমা বেগম। তিনি বলেন, কর্মকর্তা কর্মচারীরা তাদের সঙ্গে আশ্রিত নারীদের অনৈতিক কাজ করতে বাধ্য করেন। এ কাজে তাদের সহায়তা করেন সেলাই প্রশিক্ষক শাহিনা বেগম। এছাড়া তারা আশ্রিতাদের জন্য সরকারের বরাদ্দ করা খাদ্য, ঔষধ, পোশাক আতœসাৎ করেন বলেও অভিযোগ করা হয়। লিখিত বক্তব্যে নাছিমা বেগম আরো বলেন, এসব কাজের প্রতিবাদ করায় তাকে (নাসিমা) চাকরি হারাতে হয়েছে। তিনি চাকরি ফেরতসহ এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন। সমাজ সেবা কর্মকর্তা সাজ্জাদ পারভেজ অভিযোগ অস্বীকার করে বলেন, দুই আশ্রিতাকে মারধর করার অভিযোগে নাসিমাকে চাকরিচ্যুত করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে তিনি এই মিথ্যা অভিযোগ করেন বলে সাজ্জাদ পারভেজ দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৪ ঘ.