২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে গলাফোলা রোগে ২ শতাধিক মহিষের মৃত্যু

লক্ষ্মীপুরের কমলনগরে গলাফোলা রোগে প্রায় দুই শতাধিক মহিষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে বাথান মালিকরা। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় শঙ্কিত হয়ে পড়েছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2011, 11:20 AM

Updated : 24 Aug 2022, 03:57 PM

লক্ষ্মীপুর, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুরের কমলনগরে গলাফোলা রোগে প্রায় দুই শতাধিক মহিষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে বাথান মালিকরা। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় শঙ্কিত হয়ে পড়েছেন তারা। ক্ষতিগ্রস্ত মালিকরা জানান, কমলনগর উপজেলার চর শামছুদ্দিন ও সদর উপজেলার চর রমনী মোহনে গত ১০ দিনে এসব মহিষ মারা যায়। কলসনগর উপজেলার চর কালকিনি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার নিজের মহিষের বাথানে প্রথমে এ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে অন্য মহিষের বাথানে। তিনি জানান, চর শামছুদ্দিনে তার বাথানের ২৬টি এবং তার ভাইয়ের আরো ২০টি মহিষ গত ১০ দিনে মারা গেছে। রফিকুল জানান, একই রোগে আহসান হাবিবের ৮৮টি, শরিয়ত উল্যাহ মিয়ার ১০টি, কাদির বেপারির ১০টি, কদু হাজির ১১টি, মনু মালের ৫টি, মহিউদ্দিন মিয়ার ১৩টি ও হাজী এছহাকের ৮টি, হাসানের ১৫ টি মহিষ মারা গেছে। কমলনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল মন্নান বিডিনউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কেন্দ্রীয় বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মোছাদ্দেক হোসেনের নেতৃত্বে ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ টিম ঘটনাস্থল পরিদর্শন করে নিশ্চিত হয়েছে দুটি চরে গলাফোলা রোগের প্রাদুর্ভাব ঘটেছে। এ রোগে প্রায় দেড় শতাধিক মহিষ মারা গেছে বলে জানা গেছে। তিনি বলেন, রোগটির বৈজ্ঞানিক নাম হেমোরাজিক সেফটিসেমিয়া (এইচএইচএস)। এটি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। রোগটি ব্যাকটেরিয়াবাহিত ছোঁয়াচে রোগ। ভোলা ও হাতিয়া থেকে গলাফোলায় আক্রান্ত মরা মহিষ ভেসে এসব চরে আসায় এ রোগের প্রাদুর্ভাব ঘটেছে। রোগ নিয়ন্ত্রণে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ দুই হাজার মহিষ ও তিন হাজার গরুর মধ্যে টিকা দিয়েছে বলে জানান আব্দুল মন্নান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৭১৭ ঘ.