২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে স্বর্ণ ব্যবসায়ীদের বিক্ষোভ

রংপুর শহরের জাহাজ কোম্পানি এলাকায় দুটি সোনার দোকানে ডাকাতির ঘটনার প্রতিবাদে রংপুর জেলা স্বর্ণ ব্যবসায়ী সমিতি বিক্ষোভ ও মানববন্ধন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2011, 09:02 AM

Updated : 24 Aug 2022, 03:57 PM

রংপুর, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর শহরের জাহাজ কোম্পানি এলাকায় দুটি সোনার দোকানে ডাকাতির ঘটনার প্রতিবাদে রংপুর জেলা স্বর্ণ ব্যবসায়ী সমিতি বিক্ষোভ ও মানববন্ধন করেছে। পুলিশের ভূমিকা নিয়ে সন্দেহ পোষণ করে ডাকাতদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত সোনাসহ মালামাল উদ্ধারের দাবিতে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করে। স্বর্ণ ব্যবসায়ীরা পুলিশ প্রশাসনকে সাত দিনের মধ্যে ডাকাতদের গ্রেপ্তার ও মালমাল উদ্ধার করার আলটিমেটাম দিয়েছে। নইলে লাগাতার ধর্মঘটের হুমকিও দিয়েছে তারা। গত ৩১ অগাস্ট ঈদের দিন রাতে গোল্ডেন টাওয়ার মার্কেটের উত্তরা ও বধুয়া জুয়েলার্সে ডাকাতি হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে রংপুর ডিবি পুলিশ মার্কেটের মালিক শফি আহাম্মেদকে গ্রেপ্তার করেছে । সকালে স্বর্ণ ব্যবসায়ী ও শ্রমিকরা তাদের দোকান বন্ধ রেখে মিছিল নিয়ে রংপুরের ডিসি এবং এসপির কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করে। ডাকাতির সঙ্গে মালিক পক্ষ সরাসরি জড়িত বলে সমাবেশে বক্তারা অভিযোগ করেন। সমাবেশে রংপুর জেলা দোকান মালিক সমিতির সভাপতি লিটন, রংপুর চেম্বারের সিনিয়র সহ সভাপতি মোস্তফা টিটু, রংপুর জেলা স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম রাজুসহ অনেকে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৫০০ ঘ.