মৌলভীবাজার, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কমলগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোররাতে আলীনগর ইউনিয়নের সুনছড়া চা বাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কমলগঞ্জ থানার ওসি নাজিম উদ্দিন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মকবুল হোসেন (৫০), ইব্রাহিম আলী (৩৫), সেলিম মিয়া (২৩), আবুল কালাম (২৬), কামরুল ইসলাম (২০) ও বাবুল মিয়া (২০)।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ২টার দিকে চা বাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা ডাকাতির জন্য অস্ত্র নিয়ে জড়ো হয়েছিলো।"
তাদের কাছ তেকে তিনটি রামদা ও লাঠিসোঁটা পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
ওসি বলেন, মকবুলের বিরুদ্ধে হত্যা, পুলিশের ওপর হামলা ও রাইফেল লুটসহ নানা অভিযোগে কয়েকটি মামলা রয়েছে।
ছয় জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫০ ঘ.
bdnews24