ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক 'টাকার বিনিময়ে' রায় দিয়েছিলেন- এ দাবির পক্ষে প্রমাণ হাজির করেনি বিএনপি সমর্থক আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
বরং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে খায়রুল হকের নেওয়া অর্থ সরকারি কোষাগারে ফেরত এবং তার শাস্তি দাবি করেছে ফোরাম।
ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী দেশের চতুর্থ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে সাবেক এই প্রধান বিচারপতিকে গরীব ও দুস্থ বলা যায় কি-না এবং সেই টাকা গ্রহণ নৈতিক কি-না তা তদন্তে সাবেক একজন প্রধান বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিটি করার দাবিও জানিয়েছেন ফোরামের সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
রোববার সুপ্রিম কোর্ট দক্ষিণ হলে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের পাশাপাশি সরকারি তহবিল থেকে টাকা নেওয়া সাবেক বিচারপতিদের একটি তালিকা উপস্থাপন করা হয়।
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দুই কিস্তিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১১ লাখ ৬৮ হাজার ৮২০ টাকা তার স্ত্রীর চিকিৎসার জন্য নিয়েছিলেন।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছিলেন, আগামী রোববার (আজ) সংবাদ সম্মেলনে খায়রুল হক যে টাকা নিয়ে রায় দিয়েছেন, সে বিষয়ে তথ্য প্রমাণ নিয়ে তিনি [খোকন] হাজির হবেন।
সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়কে কেন্দ্র করে গত ৩১ অগাস্ট খালেদা জিয়া অভিযোগ করেন, প্রধান বিচারপতি থাকাকালে খায়রুল হক 'টাকার বিনিময়ে' এ রায় দিয়েছেন।
তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে গত ১০ মে আপিল বিভাগের যে বেঞ্চ রায় দেয় তার প্রধান ছিলেন এবিএম খায়রুল হক। সাত বিচারপতির ওই বেঞ্চ রায়টি দেয় সংখ্যাগরিষ্ঠ বিচারকের মতামতের ভিত্তিতে।
সর্বোচ্চ আদালতের রায় অতিক্রম করে আওয়ামী লীগ ত্রয়োদশ সংশোধনী বহাল রাখলে খায়রুল হক পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতেন।
'টাকার বিনিময়ে' রায়ের কথা বলায় খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা মাহবুবে আলম। এছাড়া আইন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি বলেছে, খালেদা বক্তব্য প্রত্যাহার না করলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এরপর বিষয়টি আলোচনায় উঠে আসে।
ওই বক্তব্য প্রসঙ্গে আইনমন্ত্রী শফিক আহমেদ শনিবার বলেন, খালেদার এ বক্তব্য আদালত অবমাননার শামিল।
একইদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি টাকা নেওয়া প্রসঙ্গে খায়রুলের সমালোচনা করেন।
তিনি বলেন, "বিরোধীদলীয় নেত্রীর বক্তব্য রাজনৈতিক। তার ওই বক্তব্য নিয়ে নানা আলোচনা হচ্ছে। তিনিই এর জবাব দেবেন।"
রোববার রফিকুল বলেন, "তিনি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মামলার রায় দেওয়ার সময় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে টাকা নিয়েছেন। এটাই প্রমাণ করে, তিনি টাকা নিয়ে রায় দিয়েছেন। খালেদা জিয়াও এটাই বুঝিয়েছেন।"
খায়রুল হক ২০০৯ সালের ২৩ জুলাই টাকা নিয়েছেন- এ তথ্য উল্লেখ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি রোববার বলেন, "এর কিছুদিন আগে ২০০৯ সালের ২১ জুন স্বাধীনতার ঘোষক সংক্রান্ত মামলার রায় দিয়েছেন।"
গত বছরের ২১ জুন বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদের হাইকোর্ট বেঞ্চ রায় দেয়, জিয়াউর রহমান নন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক।
মুক্তিযোদ্ধা ডা. এম এ সালামের দায়ের করা এক জনস্বার্থ রিট আবেদনের প্রেক্ষিতে এই রায় দেয় হাইকোর্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিকেএস/বিডি/পিডি/০০৫৭ ঘ.
bdnews24