ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয়শ ২২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ২ লাখ ১৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
এছাড়া গাজীপুরের কালিয়াকৈরে সরকারি-বেসরকারি অংশিদারিত্বে (পিপিপি) হাইটেক পার্ক স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
রোববার মন্ত্রিপরিষদ বিভাগে ভিন্ন দুটি বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন করা হয় বলে সভাশেষে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নুরুল করিম।
তিনি জানান, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বেসরকারি খাতের চারটি প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশ থেকে এক লাখ মেট্রিক টন প্রিল্ড ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। মংলা বন্দরের মাধ্যমে প্রতিটি প্রতিষ্ঠান ২৫ হাজার মেট্রিক টন সার আমদানি করবে।
প্রতি মেট্রিক টন ৫৭২ মার্কিন ডলার দরে এ সার আনতে খরচ ধরা হয়েছে ৪২৮ কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকা। কার্যাদেশ পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো- মেসার্স হানিবি, মেসার্স এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ইমপুট, মেসার্স পোটন ট্রেডার্স ও মেসার্স দেশ ট্রেডিং করপোরেশন।
নুরুল করিম জানান, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আরো এক লাখ মেট্রিক টন গ্রানুলার ইউরিয়া সার আমদানির জন্য আরেকটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। তিনটি প্রতিষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম বন্দর দিয়ে এসব সার আনতে প্রতি মেট্রিক টনে খরচ ধরা হয়েছে ৫৮৪ মার্কিন ডলার। এতে মোট ব্যয় হবে ৪৩৭ কোটি ৭০ লাখ ৮০ হাজার টাকা।
এসব প্রতিষ্ঠানের মধ্যে মেসার্স হানিবি ২৫ হাজার মেট্রিক টন, মেসার্স সুইস সিঙ্গাপুর ওভারসিজ এন্টারপ্রাইজ ২৫ হাজার মেট্রিক টন এবং মেসার্স দেশ ট্রেডিং কর্পোরেশন ৫০ হাজার মেট্রিক টন আমদানি করবে।
এছাড়া সরকারি পর্যায়ে সৌদি আরব থেকে ১৫ হাজার মেট্রিক টন প্রিল্ড ইউরিয়া সার আমদানির প্রস্তাবও অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রতি মেট্রিক টন ৫১৯ দশমিক ৭৫ মার্কিন ডলার দরে এতে মোট খরচ পড়বে ৫৮ কোটি ৩৯ লাখ টাকা।
তিন প্রস্তাবে নীতিগত অনুমোদন
এদিকে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের আগে মন্ত্রিপরিষদ বিভাগেই অনুষ্ঠিত হয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক।
বৈঠকে তিনটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে এবং দুটি প্রস্তাব পর্যালোচনার জন্য ফেরৎ পাঠানো হয়েছে বলে জানান নুরুল করিম।
নীতিগত অনুমোদন দেওয়া প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে- কালিয়াকৈরে পিপিপির মাধ্যমে হাইটেক পার্ক স্থাপন, বয়স্ক ভাতা কর্মসূচির সার্বিক মূল্যায়নে একক উৎসভিত্তিক (সিঙ্গেল সোর্স) পরামর্শক হিসেবে বিআইডিএসকে কার্যাদেশ দেওয়া এবং বিদেশি ঋণে সরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প গ্রহণের দরপত্র কার্যক্রম শুরু করার অনুমোদন।
পর্যালোচনার জন্য ফেরৎ পাঠানো প্রকল্প দুটির মধ্যে রয়েছে- পিপিপির মাধ্যমে বাংলাদেশ শিপিং কর্পোরেশন কর্তৃক একটি মাদার ট্যাংকার কেনা ও পরিচালনা করা এবং পিপিপির ভিত্তিতে সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দর স্থাপন প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত প্রস্তাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২০১৬ ঘ.
bdnews24