গোপালগঞ্জ, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে এক কিশোরীকে তার সৎমা পুড়িয়ে মেরেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের নাম লিমা সিকদার (১৪)। লিমাকে হত্যার অভিযোগে তার সৎমা রহিমন বেগমকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গত সোমবার লিমার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। রোববার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তÍ মৃত্যু হয়।
লিমার সদর উপজেলার কংশুর গ্রামের দিন মজুর হাসমত সিকদারের মেয়ে।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) কাজী মতিয়ার রহমান সাংবাদিকদের বলেন, একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে রহিমন গত সোমবার বিকালে লিমার হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। লিমার চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
মৃত্যুর আগে লিমার দেওয়া জবানবন্দির কথা তুলে ধরে মতিয়ার বলেন, "মোবাইল চুরির ঘটনায় তার সৎমা লিমা ও তার খালাকে চোর বলে গালাগালি করে। এ ঘটনার প্রতিবাদ করায় ঘরের চকির সঙ্গে লিমার হাত-পা শেকল দিয়ে বেঁধে তার শরীরে কেরসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।"
প্রাথমিক তদন্তে লিমার বক্তব্যের সত্যতা পাওয়া গেছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৮০০ ঘ.
bdnews24