২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এটিও পদ প্রথম শ্রেণী করার সুপারিশ

সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) পদ প্রথম শ্রেণীতে উন্নীত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2011, 11:29 AM

Updated : 24 Aug 2022, 03:57 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) পদ প্রথম শ্রেণীতে উন্নীত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সরকারি-বেসরকারি প্রাথমিক স্কুলগুলোর শিক্ষক এবং প্রয়োজনীয় প্রশাসনিক কাজ দেখাশোনা করেন একজন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা। বৈঠকে সরকারি প্রাথমিক বিদ্যালয় ছেড়ে এনজিও চালিত উপানুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের চলে যাওয়ার অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া এবং গরীব শিক্ষার্থীদের উপবৃত্তির টাকার পরিমাণ বাড়ানোর সুপারিশ করা হয়েছে। বৈঠকে উপানুষ্ঠানিক শিক্ষানীতি এবং নীতির আলোকে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি মমতাজ বেগম এতে সভাপতিত্ব করেন। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে যেসব শিক্ষার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ছে তাদের মধ্য থেকে কেউ কেউ বেসরকারি উন্নয়ন সংস্থা চালিত উপানুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে- এমন অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া সহকারী প্রাথমিক শিক্ষকদের পদন্নতির ব্যবস্থা করাসহ সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের (এটিও) পদ প্রথম শ্রেণী করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষাা মন্ত্রী মো. আফছারুল আমীন, প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন, মো. আতিউর রহমান আতিক, আফাজ উদ্দিন আহমেদ, আব্দুল মান্নান, তালুকদার মো. ইউনুস, অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী এবং জোবেদা খাতুন বৈঠকে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/১৭২২ ঘ.