২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী শহিদুল ইসলাম খান হত্যামামলায় ছয় জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার দ্রুত বিচার আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2011, 08:29 AM

Updated : 24 Aug 2022, 03:57 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী শহিদুল ইসলাম খান হত্যামামলায় ছয় জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার দ্রুত বিচার আদালত। রোববার ৪ নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক মোতাহার হোসেনের দেওয়া রায়ে আরো আট আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ডে দণ্ডিতরা হলেন- মো. মোয়াজ্জেম হোসেন রুবেল (পলাতক) মো. কবীর রব্বানী জুয়েল (পলাতক), নবেল (পলাতক), মো. বাবুল মিয়া, মামুন ও আব্দুর রহিম খান। রুবেল, জুয়েল, নবেল- এ তিন জন ভিাই। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আহাদ খান, তার ছেলে বাবু খান, সবুজ মিয়া, দুলাল মিয়া, মো. আকবর হোসেন রেনু, মো. আউয়াল খান, মো. আঙ্গুর মিয়া ও সামছুল আলম সরকার। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। টাকা দিতে না পারলে তাদের আরো ১ বছর কারাভোগ করতে হবে। ২০০৬ সালের ৭ এপ্রিল এলাকায় আধিপত্যকে কেন্দ্র করে কিশোরগঞ্জ শহরের সাদুল্লাহচর এলাকায় শহিদুল খানকে হত্যা করা হয়। শহীদ খান সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন। মামলার বিবরণে বলা হয়, শহিদুল ইসলাম মটর সাইকেলে সাদুল্লাহপুর কৃষি ব্যাংকের কাছে এলে আসামিরা লাঠি দিয়ে তাকে আঘাত করে। পরে তাকে কুপিয়ে আহত করে। আহত অবস্থায় শহিদুলকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরের দিন কিশোরগঞ্জ সদর থানায় মামলা করে শহিদুলের ভাই ফরিদ খান। তদন্ত শেষে ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ১৫ জনের সাক্ষ্য নেওয়ার পর রোববার রায় হলো। রায়ে বলা হয়, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের দণ্ড কার্যকর করার জন্য তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এছাড়া ফৌজদারি কার্যবিধি অনুযায়ী হাইকোর্টের অনুমতি সাপেক্ষে এ মৃত্যুদণ্ড কার্যকর হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৪২৫ ঘ.