চুয়াডাঙ্গা/ ঝিনাইদহ, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গায় দুই যুবক এবং ঝিনাইদহে এক যুবককে হত্যা করেছে সন্ত্রাসীরা।
রোববার সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোপালপুর মাঠ থেকে আরিফুল ইসলাম রুবেল (১৮) নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করে পুলিশ।
চুয়াডাঙ্গার এএসপি নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, 'হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। আমরা হত্যারহস্য উদঘাটনের চেষ্টা করছি'।
শনিবার রাতে রুবেলকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
প্রায়ই একই সময় জীবননগর উপজেলার উথলী গ্রামের জামতলা মাঠ থেকে আলমগীর (২৫) নামের এক আরেক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
জীবননগর থানার ওসি মো. আব্দুর রকিব খান জানান, হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। আলমগীরকে শ্বাসরোধে হত্যা করা হয়।
ময়নাতদন্তের জন্য লাশ দুটি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সোয়াদি গ্রামের একটি ধনে ক্ষেত থেকে রোববার সকালে সবদুল হোসেন (৩০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে।
সবদুল সোয়াদি গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।
কোটচাঁদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, সবদুল রাত ১০ টার দিকে বাড়ি থেকে ক্ষেত পাহারা দিতে বের হন। রাতের কোনো এক সময় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও জবাই করে হত্যার পর পালিয়ে যায়।
সবদুলের কপি ক্ষেতের পাশে ধনে ক্ষেতের ভেতর তার লাশ পড়ে ছিলো। ধনে পাতা চুরির সময় দুর্বৃত্তদের চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৪০৩ ঘ.
bdnews24