২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুরুতর অসুস্থ গণসঙ্গীত শিল্পী কামরুদ্দিন আবসার

মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন গণসঙ্গীত শিল্পী কামরুদ্দিন আবসার। চিকিৎসকরা বলেছেন তার অবস্থা শঙ্কামুক্ত নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2011, 05:12 PM

Updated : 24 Aug 2022, 03:56 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন গণসঙ্গীত শিল্পী কামরুদ্দিন আবসার। চিকিৎসকরা বলেছেন তার অবস্থা শঙ্কামুক্ত নয়। শনিবার রাতে তার অস্ত্রোপচার হওয়ার কথা। 'স্ট্রোক' করার পর শুক্রবার রাতেই তাকে রাজধানীর গ্রিন রোডে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। সেন্ট্রাল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তানজিুলর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মস্তিষ্কে বড় ধরনের রক্তক্ষরণের কারণে তাকে এখানে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে নিবিঢ় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।" "পরিবারের সদস্যরা রাজি থাকলে আজ (শনিবার) রাতেই তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হতে পারে।" কামরুদ্দিন আবসারের ছেলে আদনান মুকিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুক্রবার রাতে রাজধানীর মিরপুরের বাসায় ফেরার সময় বাসের মধ্যেই 'স্ট্রোক' হয় তার। সে রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।" আবসার দীর্ঘদিন ধরে হৃদরোগসহ অন্যান্য অসুখে ভুগছিলেন বলেও জানান মুকিত। গণসঙ্গীত শিল্পী ও সাংস্কৃতিক সংগঠক কামরুদ্দিন আবসার উনিশশ' আশির দশকের সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাংলাদেশ লেখক শিবিরের সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান সংগঠক তিনি। নব্বইয়ের গণঅভ্যুত্থান পূর্ববতী রাজনৈতিক-সাংস্কৃতিক আন্দোলনে শিল্পী ও সংগঠক হিসেবে সক্রিয় ছিলেন তিনি। কৃষক বিদ্রোহের গানসহ অনেক গণসঙ্গীত জনপ্রিয় করার ক্ষেত্রে তার অবদান রয়েছে। এছাড়া তিনি শিশুদের জন্য বেশ কিছু গানে সুরারোপ করেছেন ও গেয়েছেন। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থায় (বিএফডিসি) সহকারি পরিচালক হিসেবে কয়েকটি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। দীর্ঘদিন ধরে প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনে যুক্ত কামরুদ্দিন আবসার 'গণসংস্কৃতি ফ্রন্ট' এবং গানের দল 'সৃজন' এর সহসভাপতির দায়িত্ব পালন করছেন। ১৯৫৪ সালের ১৯ নভেম্বর কুষ্টিয়া জেলার কুমারখালীতে জন্মগ্রহণ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এসইউ/২২৫২ ঘ.