সাতক্ষীরা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা জেলাকে বন্যা দুর্গত জেলা হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে এলাকার মানুষ।
শনিবার দুুপুরে জেলা প্রেসক্লাবে বেসরকারি সংগঠন উত্তরণ ও কেন্দ্রীয় ভূমি কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। মানুষের জন্য ফাউন্ডেশন এতে সহায়তা দেয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বন্যার্তদের পুনর্বাসনে ১১ দফা সুপারিশ করেছেন।
বক্তারা বলেন, অবিরাম বৃষ্টিতে গত মধ্য জুলাই থেকে জেলার তিন চতুর্থাংশ এলাকা পানিতে ডুবে রয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে ভাটিতে সাতক্ষীরা জেলার অবস্থান হওয়ায় উজানের পানি এসেছে এই এলাকায়। ফলে পানিবন্দি হয়ে রয়েছে এখানকার মানুষ ও খেত-খামার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূমি কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
বক্তব্য দেন ভ'মি কমিটির সভাপতি আব্দুর রহিম, খুলনা বানভাসি সংহতি মঞ্চের আহ্বায়ক ফিরোজ আহম্মেদ, ভূমি কমিটির সদস্য আবু আহম্মেদ, মহিবুল্লাহ মোড়ল প্রমুখ।
বক্তরা দুর্গতদের জন্য বরাদ্দ করা ত্রাণ বিতরণে অনিয়ম ও বাঁধ সংস্কারে দুর্নীতির অভিযোগে প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের অপসারণ দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২১৯ ঘ.
bdnews24