২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলে তালা দিলেন তিনি

পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত না হওয়ায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2011, 02:37 PM

Updated : 24 Aug 2022, 03:56 PM

গাইবান্ধা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত না হওয়ায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। পরিচালনা কমিটির সাবেক সভাপতি সৈয়দ আহম্মেদ সরকারের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে বিদ্যালয়টির প্রধান শিক্ষক জানান। তবে সৈয়দ আহম্মেদ অভিযোগ অস্বীকার করেছেন। উপজেলার কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার থেকে তালা ঝুলানো রয়েছে। ফলে বৃহস্পতিবার ও শনিবার স্কুলটিতে কোনো শিক্ষা কার্যক্রম চলেনি। প্রধান শিক্ষক সাফিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোজা ও ঈদের ছুটির পর বৃহস্পতিবার স্কুল খোলে। ওই দিন সকাল সাড়ে ১১টার দিকে স্কুল পরিচালনার কমিটির সাবেক সভাপতি সৈয়দ আহম্মেদ সরকার ও তার লোকজন শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে দিয়ে প্রত্যেকটি কক্ষে তালা লাগিয়ে দেয়। তালা দেওয়ার পর স্কুলে পাহাড়া বসানো হয়। কাউকে স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে প্রধান শিক্ষক জানান। তিনি জানান, শনিবার প্রায় দুই শতাধিক শিক্ষার্থী স্কুলে ঢুকতে না পেরে বাড়ি ফিরে গেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করা হয়েছে বলে সাফিয়ার রহমান জানান। প্রধান শিক্ষক জানান, গত তিন মেয়াদে সৈয়দ আহম্মেদ সরকার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। গত ২৬ অগাস্ট অভিভাবকদের ভোটে নির্বাচিত সদস্যরা নতুন সভাপতি নির্বাচিত করেছেন এলাকার সাবেক ইউপি সদস্য আমজাদ হোসেনকে। সৈয়দ আহম্মেদ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি ওই বিদ্যালয়ের দাতা সদস্য। তাকে বাদ দিয়ে প্রধান শিক্ষক অবৈধ পন্থায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত করেছেন। এ কারণে এলাকার লোকজন হ্মুব্ধ হয়ে স্কুলে তালা লাগিয়ে দিয়েছে। তিনি এর সঙ্গে জড়িত নন বলে দাবি করেন। সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন রেজা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইপক্ষকে থানায় আসতে বলেছে। তারা এলে বিষয়টি সমাধান করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অজহারুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৩৩ ঘ.