সিলেট, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট-প্রতাপপুর সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি রাখাল আহত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহত তেরা মিয়াকে (১৮) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি স্থানীয় পানথুমাই গ্রামের আব্দুল মজিদের ছেলে।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) কামরুল ইসলাম জানান, সীমান্তের পানথুমাই এলাকায় চরানোর সময় তেরা মিয়ার একটি গরু ভারতীয় এলাকায় প্রবেশ করে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তেরা মিয়াকে গরু নিয়ে আসার অনুমতি দেয়। পিয়াইন নদী দিয়ে গরু আনতে যাবার পথে ওপার থেকে ভারতীয় খাসিয়ারা ছররা গুলি করে।
তার বুক, মাথা ও কপালে কয়েকটি গুলি লেগেছে বলে কামরুল জানান। খবর পেয়ে পুলিশ তেরা মিয়াকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বর্ডার গার্ড বাংলাদেশ'র (বিজিবি) লে. কর্নেল শফিউল আজম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০২১ ঘ.
bdnews24