গাজীপুর, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ হওয়ার তিন দিন পর গাজীপুরের টঙ্গী এলাকায় তুরাগ নদী থেকে ভাসমান এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রতন (২৭) ঢাকার মগবাজারে একটি বেসরকারী কার্গো সার্ভিসে চাকরি করতেন। তার বাসা টঙ্গীর দক্ষিণ আরিচপুর এলাকায়। গ্রামের বাড়ি শরিয়তপুরের জাজিরা থানার গঙ্গানগর গ্রামে।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) আ. আলীম জানান, গত ৬ সেপ্টেম্বর রাতে চা খাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন রতন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর মুদাফা এলাকায় তুরাগ নদী থেকে ভাসমান অবস্থায় রতনের লাশ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা রতনকে হত্যার পর লাশ নদীতে ফেলে দিয়ে গেছে।
ময়না তদন্তের জন্য লাশ শনিবার গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩৪৮ ঘ.
bdnews24