২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অতিরিক্ত ভার বহনই ফ্লাইওভারের ক্ষতি করেছে'

অতিরিক্ত ভারবাহী যান চলাচলের কারণেই খিলগাঁও ফ্লাইওভারের একাংশ দেবে গেছে বলে মনে করেন এর নির্মাণের সময় প্রকল্প পরিচালকের দায়িত্বে থাকা প্রকৌশলী হায়দার আলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2011, 06:47 AM

Updated : 24 Aug 2022, 03:56 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিরিক্ত ভারবাহী যান চলাচলের কারণেই রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের একাংশ দেবে গেছে বলে মনে করেন এর নির্মাণের সময় প্রকল্প পরিচালকের দায়িত্বে থাকা প্রকৌশলী হায়দার আলী। শনিবার সকালে ক্ষতিগ্রস্ত ফ্লাইওভার পরিদর্শন করে তিনি সাংবাদিকদের বলেন, "২০০৫ সালে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) কাছে হস্তান্তরের সময় আমরা বলে দিয়েছিলাম, ফ্লাইওভারে চলাচলকারী গাড়ির সর্বোচ্চ ওজন হবে ১০ টন। কিন্তু এর ওপর দিয়ে অতিরিক্ত ভারবহনকারী যান চলাচল করতো নিয়মিত।" লোহার রডবাহী একটি ট্রাকের ওজন ২৪ থেকে ২৭ টন পর্যন্ত হয়ে থাকে জানিয়ে হায়দার আলী বলেন, এ ধরনের ট্রাক নিয়মিত এই ফ্লাইওভারের ওপর দিয়ে চলাচল করে। পশ্চিম পাশের একটি অংশ দেবে যাওয়ায় শুক্রবার রাত ৮টার দিকে দেশের বৃহত্তম এই উড়াল সেতুর ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে রাতে ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান বলেছেন, তারা 'ভয়ের কিছু' তারা পাননি। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে নির্মীত হয় এ ফ্লাইওভার ২০০৫ সালের মার্চে চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এর নকশা ও নির্মাণকাজ তত্ত্ববধানেও ছিলেন স্থানীয় প্রকৌশলীরাই। ১ দশমিক ৯ কিলোমিটার দীর্ঘ এবং ১৪ মিটার প্রশস্ত এই উড়াল সেতু নির্মাণে সব মিলিয়ে ব্যয় হয় ৮১ কোটি ৭৫ লাখ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কিউএইচ/জেকে/১২৪০ ঘ.