২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিচারপতিকে নিয়ে খালেদার বক্তব্য আদালত অবমাননার সামিল'

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে বিচারপতিদের টাকা নেওয়ার বিষয়টিকে রায়ের সঙ্গে সংশ্লিষ্ট করে খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন তা আদালত অবমাননার সামিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2011, 06:31 AM

Updated : 24 Aug 2022, 03:56 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে বিচারপতিদের টাকা নেওয়ার বিষয়টিকে রায়ের সঙ্গে সংশ্লিষ্ট করে খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন তা আদালত অবমাননার সামিল। শনিবার সকালে বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে নিু আদালতের বিচারক ও সম পর্যায়ের কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি বলেন, "বিচারপতিরা চিকিৎসার জন্য টাকা নিয়েছেন, এটাকে রায়ের সঙ্গে সংশ্লিষ্ট করে দেওয়া আদালত অবমাননাতো বটেই, এটা বিচার বিভাগ সম্পর্কে জনমনে প্রশ্ন ছুড়ে দেওয়ার সামিল।" সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়কে কেন্দ্র করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৩১ অগাস্ট অভিযোগ করেন, প্রধান বিচারপতি থাকাকালে খায়রুল হক 'টাকার বিনিময়ে' এ রায় দিয়েছেন। বছরের মাঝামাঝিতে সর্বোচ্চ আদালত ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করলে তার আলোকে সরকার সংবিধানে সংশোধন এনে বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, বিএনপি যার বিরোধিতা করে আসছিল। ওই বক্তব্যের কারণে বিরোধী দলীয় নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি-না জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, "আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি আদালত দেখবে। তাদের নিজস্ব অন্তর্নিহিত ক্ষমতা আছে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার।" আদালত সম্পর্কে দ্বন্দ্ব সৃষ্টি করে- এমন মন্তব্য করা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান মন্ত্রী। "কোনো বক্তব্যের মাধ্যমে আদালত অবমাননা হয়ে গেলে তা প্রত্যাহার করার সুযোগ নেই। এ জন্য তিনি ভুল স্বীকার করতে পারেন। আদালত তাকে নোটিশ দিলে তিনি আদালতে এসে ক্ষমা প্রার্থনা করতে পারেন। সেক্ষেত্রে আদালত চাইলে তাকে ক্ষমা করে দিতে পারে।" গত ৬ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বিচারকদের চিকিৎসা ভাতার রীতি অনুযায়ী ১৯৯৯ থেকে ২০১১ সাল পর্যন্ত যারা টাকা নিয়েছেন তাদের একটি তালিকা উপস্থাপন করা হয়। সেই কমিটি এ বিষয়ে খালেদার বক্তব্যের সমালোচনাও করে। বিচারপতিরা অসুস্থ হলে চিকিৎসা সহায়তার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতে পারেন উল্লেখ করে শফিক জানান, সুপ্রিম কোর্ট থেকেই এ আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। আইন মন্ত্রণালয় পরীক্ষা-নিরীক্ষা করার পর প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে সহায়তা দেওয়া হয়। বিগত জোট সরকারের সময় খালেদা জিয়াও বিচারপতিদের সহায়তা দিয়েছেন বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, "চিকিৎসার জন্য সাহায্য নেওয়াকে ঘুষ বলে আখ্যায়িত করে সেটাকে মামলার রায়ের সঙ্গে যুক্ত করে দেওয়ার মানে আদালতকে ছোট করা। এতে আদালত অবমাননা করা হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে আসা নথিপত্রে দেখা যায়, বিচারপতি খায়রুল হক প্রধান বিচারপতি হওয়ার আগে দুই কিস্তিতে ১১ লাখ ৬৮ হাজার ৮২০ টাকা তার স্ত্রীর চিকিৎসার জন্য নিয়েছিলেন। এছাড়া সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান, বিচারপতি শাহ আবু নাইম মোমিনুর রহমানসহ অনেকেই এই অর্থ নিয়েছেন। জ্যেষ্ঠ সহকারী বিচারক, জ্যেষ্ঠ বিচারিক হাকিম, মুখ্য মহানগর হাকিম ও তাদের সমপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে এই প্রশিক্ষণ চলবে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। 'বিচার বিভাগে নিষ্ঠা বেশি দরকার' প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগ নির্বাহী বিভাগসহ অন্য বিভাগের তুলনায় আলাদা। এক্ষেত্রে নিষ্ঠা অনেক বেশি দরকার। আইনমন্ত্রী বলেন, "আমাদের বিচার ব্যবস্থায় অনেক সময় মামলা নিষ্পত্তি করতে অনেক সময় লেগে যায়। এটাও বিচারপ্রার্থী জনগণের সুবিচার বঞ্চিত হওয়ার অন্যতম কারণ।" প্রশিক্ষণার্থী বিচারকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের কাছে অনেক মামলা আসে, যেগুলো কার্যবিধি সম্পন্ন করতে অনেক বছর লেগে যায়। এ থেকে বঁাঁচতে আমরা বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি করতে উৎসাহ দিচ্ছি। মামলা করার কারণে অনেক সময় পারিবারিক ও সামাজিক সম্পর্ক নষ্ট হয়ে যায়। বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তি করলে সম্পর্ক নষ্ট না হয়ে পুনঃপ্রতিষ্ঠিত হয়। মানসিক শান্তির পাশাপাশি অর্থ ও সময় বাঁচে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এসইউ/২৩৩৫ঘ.