চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়র এম মনজুর আলমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা 'মিথ্যা ও ভিত্তিহীন' বলে দাবি করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) ৫৪ জন কাউন্সিলর।
শুক্রবার সিসিসির জনসংযোগ শাখা থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করা হয়।
প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী ও ওয়ার্ড কাউন্সিলর দিদারুল আলম লাভু স্বাক্ষরিত বিবৃতিতে অভিযোগটি 'সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা ও ভিত্তিহীন' উল্লেখ করে বলা হয়, "জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এবং জনপ্রিয় মেয়রের ভাবমূর্তি, সম্মান ও সামাজিক মর্যাদা ক্ষুণœ করার হীন উদ্দেশ্যে বাদী মীর ইফতেখার উদ্দিন এ মামলায় মিথ্যা অভিযোগ উত্থাপন করেছেন।"
'চট্টগ্রাম সিটি করপোরশেনের মেয়রের বিরুদ্ধে আদালতে ভিত্তিহীন অভিযোগ সংক্রান্ত কাউন্সিলরদের বক্তব্য' শীর্ষক এ বিবৃতিতে সিসিসির নির্বাচিত ৪১ জন কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের ১৩ কাউন্সিলরের নাম উল্লেখ করা হয়েছে।
তবে সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস পপির নাম সেখানে ছিল না।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে মনজুর আলমসহ ১০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন নগরীর পশ্চিম মাদারবাড়ি এলাকার বাসিন্দা মীর ইফতেখার উদ্দিন (৪০)।
আদালত দুর্নীতি দমন কমিশন (দুদক) বিধিমালায় অভিযোগ গ্রহণ করে বিষয়টি তদন্তের জন্য দুদককে নির্দেশ দিয়েছে। আগামী ১৪ নভেম্বর এ বিষয়ে প্রতিবেদন দেবে দুদক।
ওয়ার্ড কাউন্সিলরদের বিবৃতিতে বলা হয় "সার্বিক বিষয়টি তথ্য প্রমাণ সংগ্রহ এবং তা পর্যালোচনা করে দেখি যে, মেয়রের ভাবমূর্তি ও জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়ে মীর ইফতেখার উদ্দিন হীন উদ্দেশ্যে ও প্ররোচনায় এ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগটি দায়ের করেছেন।
"আমরা নির্বাচিত কাউন্সিলরগণ এই মিথ্যা ও বানোয়াট অভিযোগের বিষয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।"
চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন নামে একটি সংগঠনও মেয়র মনজুর আলমের বিরুদ্ধে এ মামলার নিন্দা জানিয়েছে।
গত বছরের ১৭ জুন বিএনপির সমর্থনে এই সংগঠনের মনোনীত প্রার্থী হিসেবেই সিসিসির মেয়র নির্বাচিত হন মনজুর আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/জেকে/০৩৫১ ঘ.
bdnews24