চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের পর ধর্ষণের ভিডিও চিত্র প্রচারের অভিযোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
তবে ধর্ষণের শিকার গৃহবধূকে উদ্ধার করা যায়নি বলে র্যাব জানিয়েছে। গত ২৩ জুলাই কালীপুরের বাড়ি থেকে গৃহবধূকে অপহরণ করে দুর্বৃত্তরা।
শুক্রবার দুপুরে কালীপুর গ্রামের নিজ নিজ বাড়ি থেকে রিয়াদ মোস্তফা (৩০) ও সাহেদ হোসেনকে (২৫) গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে ধর্ষণের চিত্র ধারণ করা কয়েকটি সিডি উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭ এর মেজর মো. ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার হওয়া দুই যুবক ও তার সহযোগীরা একই গ্রামের গৃহবধূকে অপহরণের পর ধর্ষণ করে এবং তার ভিডিও চিত্র স্থানীয় বাজারে ছড়িয়ে দেয়।
র্যাব কর্মকর্তা আরো জানান, ধর্ষণকারীরা ভিডিও চিত্রের বিনিময়ে ওই গৃহবধূর স্বামীর কাছে ১০ লাখ টাকা দাবি করে।
এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে বাঁশখালী থানায় রিয়াদ, সাহেদ ও সানাউল্লাহ তানিম নামে তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেন।
অপহৃত গৃহবধূকে উদ্ধার অভিযান অব্যাহত আছে বলে মেজর ইসমাইল জানান।
বাঁশখালী থানার ওসি আবদুল মালেক মিয়া মামলার বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৩ জুলাই কালীপুরের ওই গৃহবধূকে তিন আসামি ও তাদের সহযোগীরা অপহরণ ও ধর্ষণ করে। তারপর ধর্ষণের ভিডিও প্রচারের হুমকি দিয়ে তার স্বামীর কাছে টাকা দাবি করে।
সম্মানহানির কথা ভেবে এতদিন মামলা করেননি বলে বাদী অভিযোগে উল্লেখ করেন, বলেন ওসি।
রিয়াদ ও সাহেদ সম্পর্কে বাদীর দূর সম্পর্কের মামা বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২২০০ ঘ.
bdnews24