২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে ডাকাতি: গ্রেপ্তার ৪

ঢাকা-বাহাদুরাবাদ রুটে কমিউটার ট্রেনে যাত্রী খুন ও ডাকাতিতে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2011, 03:01 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

জামালপুর, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-বাহাদুরাবাদ রুটে কমিউটার ট্রেনে যাত্রী খুন ও ডাকাতিতে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার জামালপুর রেল স্টেশনে ট্রেনের ছাদ থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জামালপুর জিআরপি থানার ওসি খন্দকার সাকের আহম্মেদ জানান। গ্রেপ্তারদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন করা হবে বলে ওসি সাকের জানান। গ্রেপ্তার হয়েছেন বকশিগঞ্জের মো. হাসু (২০), আফছার আলী (১৯), ইসলামপুরের সবুজ (২১) ও জহুরুল (১৯)। হামলায় আহতরা হাসু ও আফছারকে ডাকাতির সঙ্গে জড়িত হিসেবে সনাক্ত করেছেন বলে জানান চট্টগ্রাম রেলওয়ের পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) হাবিবুর রহমান। বুধবার রাতে ময়মনসিংহের বেগুনবাড়ি ও বিদ্যাগঞ্জ রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় ডাকাত দল ট্রেনে লুটপাট চালায়। এছাড়া সাত যাত্রীকে ট্রেন থেকে ফেলে দিলে চারজনের মৃত্যু হয়। এসপি হাবিবুর রহমান আরো জানান, ট্রেনে খুনসহ ডাকাতির ঘটনায় জিআরপি পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। এছাড়া ডাকাতির ঘটনা তদন্তে রেলের ময়মনসিংহ সার্কেলের ইন্সপেক্টর মাইনউদ্দিনকে আহবায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি মামলার তদন্ত কর্মকর্তাকে সার্বিক সহায়তা করবে। ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটি বেগুনবাড়ি ও বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাঝামাঝি বিদ্যরূপাখালী এলাকায় পৌঁছলে ২০/২৫ জন ডাকাত অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে লুটপাট শুরু করে। এতে বাধা দিলে ডাকাত দল সাত যাত্রীকে ছুরিকাঘাত করে ট্রেন থেকে নিচে ফেলে দেয়। আহতরা হলেন রংপুরের বারাইপাড় গ্রামের সুমন (২৫), জামালপুরের গড়লপাড়া গ্রামের রিপন (৩০) ও ছোট জয়রামপুর গ্রামের সুজন (২৮)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৫ ঘ.