মানিকগঞ্জ, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জ সদর উপজেলায় দু'টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালকের মৃত্যু হয়েছে। আহত হয় অন্তত ৪০ যাত্রী।
শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মুলজানে এ দুর্ঘটনায় নিহতরা হলেন শংকর (৪৫) ও ইব্রাহিম (৬০)। শংকরের বাড়ি বরিশাল বলে পুলিশ জানিয়েছে।
দুর্ঘটনার পর দুপুর সোয়া ১টা থেকে সোয়া দুইটা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত বাস দু'টি সরিয়ে নিলে চলাচল স্বভাবিক হয়।
মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, মাদারীপুর থেকে ঢাকাগামী সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী খুলনাগামী ঈগল পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হলে উভয় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে দুই বাসের চালকরা ভেতরে আটকা পড়ে।
স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা একঘণ্টা পর ঈগল পরিবহনের চালক শংকর ও সার্বিক পরিবহনের চালক ইব্রাহীমকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে আনার পরপরই শংকরের মৃত্যু হয়। পরে ঢাকা নেওয়ার পথে ইব্রাহিমের মৃত্যু হয়।
দুর্ঘটনার বিষয়ে একটি মামলা হয়েছে।
মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুল মালেক খান জানান, আহতদের মধ্যে ২৭ জনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এছাড়া গুরুতর আহত রাসেল মির্জা (২৫), সোহেল (২৪), আরজু বেগম (৩৫), মুক্তা (২৫) ও আংগুরনেছাকে (৬০) ঢাকায় পাঠানো হয়, বলেন তিনি।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুভাষ চন্দ্র বাড়ৈ জানান, দুর্ঘটনার পরপরই যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ঘটনাস্থলের উভয় পাশে অন্তত ১০ কিলোমিটার এলাকায় কয়েকশ' যানবাহন আটকা পড়ে।
বাস দু'টি উদ্ধারের পর দুপুর সোয়া ২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৭ ঘ.
bdnews24