ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় বীরোচিত ভূমিকার স্বীকৃতি হিসেবে দেওয়া খেতাব অন্য কোনো ক্ষেত্রে আর না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 'সামরিক বাহিনীসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের বীরত্ব বা সাহসিকতাপূর্ণ কাজের জন্য পদকপ্রাপ্তদের আর্থিক অনুদান বৃদ্ধি সংক্রান্ত' এক সভায় এ সিদ্ধান্ত হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মুক্তিযুদ্ধকালীন সাহসী কাজের স্বীকৃতি স্বরূপ প্রদত্ত পদক বিভিন্ন সময়ে অন্যান্য ক্ষেত্রেও দেওয়া হয়েছে। বিশেষ করে পাবর্ত্য চট্র্রগ্রামের বিভিন্ন অভিযানে সাহসিকতার জন্য সেনাবাহিনী সদস্যদের এ ধরনের পদক দেওয়া হয়েছিল।"
এখন থেকে আর এভাবে পদক দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, "তবে পার্বত্য চট্রগ্রামে অভিযানে যারা পদক পেয়েছিলেন তাদের পদক বহাল থাকবে।"
মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম, বীর প্রতীক ও বীর উত্তম- এই চার ধরনের খেতাব ও পদক দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। এর মধ্যে বীর শ্রেষ্ঠ বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পদক। সাতজন শহীদ মুক্তিযোদ্ধাকে এ খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের ডিসেম্বরে সরকার খেতাবপ্রাপ্তদের নামের গেজেট প্রকাশ করে।
মুক্তিযুদ্ধে অবদানের জন্য পদকপ্রাপ্তদের মাসিক অনুদান সর্বনিু ছয় হাজার টাকা করার একটি প্রস্তাবও তোলা হয় বৃহস্পতিবারের সভায়। এছাড়া বাংলাদেশ পুলিশের (সেবা) পদক ১০টি থেকে বাড়িয়ে ২০টি, প্রেসিডেন্ট পুলিশ (সেবা) পদক ৩০টি থেকে বাড়িয়ে ৪০টি করার সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে তাজুল ইসলাম বলেন, "প্রস্তাবগুলো সমন্বিত আকারে বিবেচনার জন্য অর্থ বিভাগে পাঠানো হবে।"
অনুদান বৃদ্ধি সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ের বিবেচনার পর আগামী সপ্তাহের সভায় চূড়ান্ত করা হবে।
গত ২০ জুলাই এ সংক্রান্ত এক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার জানিয়েছিলেন, সামরিক বাহিনীসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের বীরত্ব বা সাহসিকতাপূর্ণ কাজের জন্য পদকপ্রাপ্তদের আর্থিক অনুদান বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ কে খন্দকার, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সেনাবাহিনী ও বিমান বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বৃহস্পতিবারের সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/০২৩৩ ঘ.
bdnews24