বরিশাল, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৃত্যুর ৮৮ বছর পর বরিশালে নিয়ে আসা হলো স্বদেশী আন্দোলনের অগ্রপথিক অশ্বিনী কুমার দত্তের দেহভস্ম।
নগরীর কাউনিয়ায় মহাশশ্মানে অশ্বিনী কুমার দত্তের স্মৃতিস্তম্ভ করার জন্য এই ভস্ম নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার দত্ত।
বৃহস্পতিবার বরিশাল জেলা ও মহানগর পূজা উদযাপন কমিটি কলকাতা থেকে এই দেহভস্ম নিয়ে আসে।
দেহভস্মের উপর স্মৃতিস্তম্ভ নির্মাণ উপলক্ষে বিকেল সাড়ে চারটায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বরিশাল জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট দিলিপ কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে সিটি মেয়র অ্যাডভোকেট শওকত হোসেন হিরণ, সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, অ্যাডভোকেট তপন কুমার চক্রবর্তী, মহিউদ্দিন মানিক (বীর প্রতীক), সুভাষ দাস মিন্টু বক্তব্য রাখেন।
মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার দত্ত সাংবাদিকদের জানান, অশ্বিনী কুমার দত্তের দেহভস্ম কলকাতার কেওড়াতলা শশ্মান থেকে নিয়ে আসা হয়।
অশ্বিনী কুমার দত্ত ১৮৫৬ সালের ২৫ জানুয়ারি পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯২৩ সালের ৭ নভেম্বর কলকাতায় মারা যান।
বরিশাল টাউন হল, বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ, বিএম স্কুল ও বরিশাল সরকারি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন অশ্বিনী কুমার দত্ত।
তিনি বিট্রিশ বিরোধী আন্দোলনের সময় বিদেশি পণ্য বর্জনের ডাক দিয়েছিলেন। তার আমন্ত্রণে সাড়া দিয়ে মহাত্মা গান্ধী বরিশালে রাজনৈতিক সফরে এসেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/০১৫৫ ঘ.
bdnews24