২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট মামলা আবার দ্রুত বিচার ট্রাইব্যুনালে

তারেক-বাবর-মুজাহিদদের ২১ অগাস্ট গ্রেনেড হামলার দুই মামলাই ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2011, 07:20 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক-বাবর-মুজাহিদদের ২১ অগাস্ট গ্রেনেড হামলার দুই মামলাই ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মনিটরিং সেলের এক সভায় বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূঁইয়ার কাছে এ সম্পর্কে জানতে চাইলে তিনি বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ রকম সিদ্ধান্তের কথা তিনি জানতে পেরেছেন। তবে এ সম্পর্কে কোনো সরকারি প্রজ্ঞাপন (গেজেট) তিনি হাতে পাননি। ২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার এ মামলার সম্পূরক অভিযোগপত্রে যাদের আসামি করা হয়েছে তাদের মধ্যে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুজাহিদ, খালেদার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউক, বিএনপির সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, ঢাকার কাউন্সিলর আরিফুল ইসলাম আরিফের নাম রয়েছে। গত ৩ জুলাই দেওয়া ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলার সম্পূরক অভিযোগপত্রে আসামির তালিকায় এদেরসহ নতুন করে ৩০ জনের নাম যুক্ত করে সিআইডি। এ নিয়ে মোট আসামির সংখ্যা দাঁড়ায় ৫২। ওই গ্রেনেড হামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত এবং কয়েকশ লোক আহত হন। এতে শেখ হাসিনার শ্রবণ ইন্দ্রিয়ও ক্ষতিগ্রস্ত হয়। ২০০৮ সালের ৪ সেপ্টেম্বর একই ট্রাইব্যুনালে এ দুই মামলা বিচারের জন্য নেওয়া হয়েছিল। দুটি মামলায় রাষ্ট্রপক্ষে ৬১ জনের সাক্ষ্য নেওয়ার পর গত বছরের ৩ অগাস্ট দুই মাসের মধ্যে অধিকতর তদন্তের নির্দেশ দেন ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের তৎকালীন বিচারক মো. মাসদার হোসেন। পরে হত্যা মামলাটি দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এবং বিস্ফোরক মামলাটি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। 'ট্রাইব্যুনাল চাইলে সময় বাড়াতে পারে' গ্রেডেন হামলার দুই মামলায় (হত্যা ও বিস্ফোরক) রাষ্ট্রপক্ষের প্রধান বিশেষ কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলা দুইটি বিচারের জন্য ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালে স্থানান্তরের সিদ্ধান্তের বিষয়ে তিনি কিছু জানেন না। ২১ অগাস্ট গ্রেনেড হামলার ঘটনার হত্যা মামলাটির নথি রয়েছে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে। একই ঘটনায় বিস্ফোরক মামলাটির নথি রয়েছে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে। এ দুই মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন অর্থাৎ সম্পূরক অভিযোগপত্র দাখিলের পর ইতিমধ্যে দুই মামলাই বিচারের জন্য সমস্ত প্রস্তুতি শেষ হয়েছে। আবদুল্লাহ জানান, দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন অনুযায়ী এ ধরনের মামলা ১৩৫ কার্য দিবসের মধ্যে শেষ করার বিধান রয়েছে। "তবে নির্ধারিত এ সময়ের মধ্যে বিচার শেষ না করতে পারলে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সা¤প্রতিক সময়ের সিদ্ধান্ত অনুযায়ী ট্রাইব্যুনাল যৌক্তিক কারণে মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত সময় বাড়াতে পারে।" সম্পূরক অভিযোগপত্রের আরো নতুন আসামি নতুন অন্য আসামিদের মধ্যে রয়েছে- এনএসআইয়ের সাবেক মহাপরিচালক রেজ্জাকুল হায়দার ও আব্দুর রহিম, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এটিএম আমিন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ার্দার, অবসরপ্রাপ্ত আইজিপি মো. আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বখশ চৌধুরী, সাবেক ডিসি (পূর্ব) মো. ওবায়দুর রহমান, সাবেক ডিসি (দক্ষিণ) খান সাঈদ হাসান, অবসরপ্রাপ্ত এএসপি আব্দুর রশিদ, অবসরপ্রাপ্ত এএসপি মুন্সী আতিকুর রহমান, বিশেষ পুলিশ সুপার মো. রুহুল আমিন। এছাড়া হানিফ এন্টারপ্রাইজের মালিক মো. হানিফ, মাওলানা শেখ আব্দুস সালাম, মো. আব্দুল মাজেদ বাট ইউসুফ, আব্দুল মালেক ওরফে গোলাম মোহাম্মদ, আব্দুর রউফ ওরফে আবু ওমর হোমায়রা, আব্দুল হান্নান সাব্বির, শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, মাওলানা ইয়াহিয়া, মুফতি শফিকুর রহমান, মুফতি আব্দুল হাই, রাতুল বাবুর নামও আসামির তালিকায় রয়েছে। হত্যা মামলায় খালেদা জিয়ার ছেলে তারেকসহ পলাতক ১৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। বিস্ফোরক মামলায় তারেকসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। হত্যামামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সাবেক তিন পুলিশপ্রধান মো. আশরাফুল হুদা, শহুদুল হক ও খোদা বখশ চৌধুরী এবং সাবেক তিন তদন্ত কর্মকর্তা আব্দুর রশিদ, মুন্সী আতিকুর রহমান, মো. রুহুল আমিন আদালতে আত্মসমর্পণ করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/০০৫৬ ঘ.