ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ইজারা নেওয়ার বিষয়টি তদন্তে উপ-কমিটি করেছে বিমান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
এয়ার আটলান্টা ও কাবো এয়ারলাইন্সের কাছ থেকে উড়োজাহাজ ইজারা বিষয়ক নথিপত্র পাঁচদিনের মধ্যে বিমান মন্ত্রণালয় ও সংসদীয় কমিটিকে দেওয়ার কথাও বলেছে স্থায়ী কমিটি।
হুইপ মো. মুজিবুল হককে আহ্বায়ক করে গঠিত তিন সদস্যের কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সৈয়দ মহসিন আলী ও শফিকুর রহমান চৌধুরী।
স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাংবাদিকদের জানান, উড়োজাহাজ ইজারায় অনিয়ম তদন্তেই এই কমিটি।
স্থায়ী কমিটির সদস্য মইন উদ্দীন খান বাদল বলেন, "বিমান নিজে বলেছে এয়ার আটলান্টার খরচ ও বয়স দুটোই বেশি। তারপরও বেশি খরচের এয়ার আটলান্টার সঙ্গে প্রাথমিক চুক্তি করেছে তারা। এজন্য কমিটি মনে করছে এই লিজ নেওয়ার প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়েছে।"
বৃহস্পতিবারের বৈঠকে কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের, হুইপ মো. মুজিবুল হক, সৈয়দ মহসিন আলী, মইন উদ্দীন খান বাদল, মো. ফরিদুল হক খান, শফিকুর রহমান চৌধুরী, মো. আসলামুল হক, মো. মেজবাউদ্দীন ফরহাদ এবং মোছা. শেফালী মমতাজ অংশ নেন।
বৈঠকে কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন শীর্ষক প্রকল্প দ্রুত বাস্তবায়নসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মতৎপরতা বৃদ্ধির সুপারিশ করা হয়।
'ইচ্ছামতো সিদ্ধান্ত নিচ্ছে বিমান কর্তৃপক্ষ'
স্থায়ী কমিটির বৈঠক শেষে সংসদ ভবনের প্রচারকক্ষে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন অভিযোগ করেন, বিমান পাবলিক লিমিটেড কোম্পানি হওয়ার পরও মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে ইচ্ছামতো সিদ্ধান্ত নিচ্ছে বিমান কর্তৃপক্ষ।
তিনি বলেন, "বিমান ইজারা নিয়ে অনিয়ম খতিয়ে দেখতেই এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র পাঁচদিনের মধ্যে মন্ত্রণালয় ও কমিটিকে জমা দেওয়ার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে অনিয়ম তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করতে বলা হয়েছে।"
বৈঠকের পর বিমানমন্ত্রী জিএম কাদের সাংবাদিকদের জানান, মন্ত্রণালয়ও মনে করছে উড়োজাহাজ ইজারা নেওয়ার ক্ষেত্রে অনিয়ম হতে পারে।
"বিষয়টি মন্ত্রণালয় খতিয়ে দেখবে।"
সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড জবাদিহিতাবিহীনভাবে চলছে- যার মালিকানার দায়িত্ব ও কর্তৃত্ব সম্পূর্ণরূপে পরিচালকমণ্ডলীর হাতে। ফলে মন্ত্রণালয় এর ওপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না।
'মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ না থাকা এবং মন্ত্রণালয়ের প্রতিনিধির অনুপস্থিতিতে সিদ্ধান্ত গৃহীত হওয়ায় বৈঠকে অসন্তোষ প্রকাশ করে কমিটি।'
কোন্ কোম্পানির উড়োজাহাজে কত খরচ
বৈঠক শেষে কমিটির সদস্য মইন উদ্দীন খান বাদল জানান, এক বছরের জন্য উড়োজাহাজ লিজ নেওয়ার দরপত্রে মোট ২৬টি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে তিনটি প্রতিষ্ঠান নাইজেরিয়ার কাবো, আইসল্যান্ডের এয়ার আটলান্টা এবং যুক্তরাষ্ট্রের এভিকোকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়।
এর মধ্যে এভিকো'র ক্ষেত্রে প্রতি ব্লক আওয়ার বা উড়াল ঘণ্টায় সাত হাজার ডলার দিতে হবে, ৫৮৫ আসনের কাবো উড়োজাহাজের ক্ষেত্রে ছয় হাজার ২৮৩ ডলার দিতে হবে। অন্যদিকে ৫০৫ আসনের এয়ার আটলান্টাকে প্রতি ব্লক আওয়ারে ছয় হাজার ৫৮৫ ডলার দিতে হবে।
"বেশি আসন ও অর্থ সাশ্রয়ের দিকটি বিবেচনা করে সংসদীয় কমিটি কাবোর বিমান ইজারা নেওয়ার পরামর্শ দিয়েছে। এতে করে বছরে কমপক্ষে অর্ধ শত কোটি টাকা সাশ্রয় হবে।"
বাদল জানান, এয়ার আটলান্টার উড়োজাহাজের বয়স আগামী ২৫ সেপ্টেম্বর ২১ বছর হবে। আর কাবোর বয়স ১৮ বছর। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত রয়েছে, ২০ বছরের পুরনো কোনো উড়োজাহাজ ইজারা নেওয়া হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৯১২ ঘ.
bdnews24