২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিস্তির দিনেই আত্মহত্যা

দুটি এনজিও থেকে ঋণ নিয়েছিলেন চুয়াডাঙ্গার গৃহবধূ শিউলী বেগম (৩২)। বৃহস্পতিবার কিস্তি পরিশোধের দিন ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন শিউলি। পরিবারের সদস্যরা বলছেন, কিস্তির টাকা জোগাড় করতে না পেরে এ পথ বেছে নিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2011, 01:13 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

চুয়াডাঙ্গা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুটি এনজিও থেকে ঋণ নিয়েছিলেন চুয়াডাঙ্গার গৃহবধূ শিউলী বেগম (৩২)। বৃহস্পতিবার কিস্তি পরিশোধের দিন ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন শিউলি। পরিবারের সদস্যরা বলছেন, কিস্তির টাকা জোগাড় করতে না পেরে এ পথ বেছে নিয়েছেন তিনি। নিহতের পরিবার ও রেলওয়ে পুলিশ জানায়, সকাল সোয়া ১০টায় আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের গড়গড়ি কামারতলা মাঠে 'কপোতাক্ষ এক্সপ্রেস'র নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন শিউলী। শিউলী খাদিমপুর ইউনিয়নের লক্ষ্মীপুরে গ্রামের লাল্টু মিয়ার স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। লাল্টু কৃষিকাজের পাশাপাশি দিনমজুরি করেন। সামাজিক সংগঠন জেহালা ইউনিয়ন লোকমোর্চার সাধারণ সম্পাদক দেবেন্দ্রনাথ দোবে শুকলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিউলী আশা এনজিও থেকে ২০ হাজার টাকা এবং স্থানীয় আত্মবিশ্বাস এনজিও থেকে আরো কিছু টাকা ঋণ নিয়েছিলেন। বৃহস্পতিবার দুটি এনজিওরই কিস্তির টাকা পরিশোধের দিন ছিলো। "ওই ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে লোকলজ্জার ভয়ে শিউলী আত্মহত্যা করেছেন", বলেন শুকলাল। শিউলীর দেবর ওমেদুলের স্ত্রী আরিফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আশা ও আত্মবিশ্বাস এনজিও থেকে শিউলি ঋণ নিয়েছিল। বৃহস্পতিবার ছিলো কিস্তির দিন। শিউলী কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়।" শিউলী যে আত্মহত্যা করবেন, তা আগে আঁচ করা যায়নি বলে আরিফা জানান। ঘটনার পর থেকেই শিউলীর স্বামী লাল্টু মিয়া আত্মগোপনে রয়েছেন। আশা এনজিও'র মুন্সীগঞ্জ শাখার ব্যবস্থাপক অনুকুল অধিকারী বলেন, তার শাখা থেকে শিউলী ২০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে সংগঠনের মাঠকর্মী সাদেকুর রহমান শিউলীর কাছ থেকে কিস্তির ৫০০ টাকা নিয়ে আসেন। আত্মবিশ্বাস এনজিও'র মুন্সীগঞ্জ শাখার ব্যবস্থাপক রফিকুল আলম বলেন, "শিউলী ১০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। মাঠকর্মী মোমিনুল ইসলাম সকালে কিস্তির টাকা আনতে গেলে শিউলী দুপুর ১২টায় অফিসে এসে টাকা দিয়ে যাবে বলে জানায়।" সদস্য হিসেবে শিউলী নিয়মিত টাকা পরিশোধ করতেন বলে জানান রফিকুল। চুয়াডাঙ্গা রেলওয়ে (জিআরপি) থানার উপ-পরিদর্শক (এএসআই) নওয়াব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গড়গড়ি মাঠে রেলওয়ের ১৪৬/৪ পিলারের কাছে শিউলীর লাশ পড়ে ছিলো। দুপুর ২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৯১৩ ঘ.