ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাড্ডা থেকে বৃহস্পতিবার দুপুরে সালমা বেগম (২৮) নামে এক পোশাক শ্রমিকের জবাই করা গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বাড্ডার ১৪১৩ নম্বর দোতলা বাড়ির নিচতলার একটি কক্ষের খাটের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
বাড্ডা থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর দেড়টার দিকে খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে লাশটি উদ্ধার করে। এই ঘরে সালমা স্বামীসহ বসবাস করতেন।
ঘটনার পর থেকে স্বামী সুমনকে পাওয়া যাচ্ছে না বলে জানান পুলিশ কর্মকর্তা।
বাড়ির মালিক নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিচতলার একটি ঘরে স্বামীসহ থাকতেন সালমা। পাশে থাকতেন আরেক ভাড়াটিয়া। পাশের ভাড়াটিয়া তিনদিন আগে বলেছেন পঁচা দুর্গন্ধের কথা। ইঁদুর বা বিড়াল মারা গেছে ভেবে বিষয়টি গুরুত্ব দেয়নি।
"ক্রমে গন্ধের তীব্রতা বাড়ায় এবং সালমার ঘর থেকে আসায় সবার সন্দেহ বাড়ে। এরপরেই পুলিশকে খবর দেওয়া হয়।"
নাজিম উদ্দিন জানান, তার আরেকটি বাড়ি রয়েছে। ওই বাড়িতে সালমা ভাড়া থাকতেন। প্রায় তিন বছর আগে বিয়ে করেন এবং স্বামীর সঙ্গে থাকবেন বলে এই ঘরটি ভাড়া নেন।
সালমার স্বামীর সঙ্গে তার পরিচয় নেই বলে জানান নাজিম।
সালমার সঙ্গে সর্বশেষ ঈদের পরের দিন ১ সেপ্টেম্বর দেখা এবং কথা হয় জানিয়ে বাড়ির মালিক বলেন, "সালমা কখনো তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেনি।"
পুলিশ কর্মকর্তা হুমায়ুন জানান, সালমার স্বামী সুমন বঙ্গবাজারে কাপড়ের ব্যবসা করেন বলে জানা গেছে। তার ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/১৮৩১ ঘ.
bdnews24