চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরসরাইয়ের দুর্ঘটনায় আহত আবু তোরাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান উদ্দিন শুভ মারা গেছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৪২-এ দাঁড়িয়েছে।
উন্নত চিকিৎসার জন্য বুধবার শুভসহ তিন ছাত্রকে চট্টগ্রাম থেকে ঢাকায় পাঠানো হয়। রাত ১টার দিকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে শুভ মারা যায় বলে আবু তোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
মিরসরাই উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুভসহ তিন জনকেই ভারতে পাঠানোর পরিকল্পনা আমাদের ছিলো। তবে তার আগেই গত রাতে শুভ মারা যায়।"
মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমদ নিজামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনের আর্থিক সহায়তা ও তত্ত্বাবধানে উন্নত চিকিৎসার জন্য তিন জনকে ভারতে নেওয়ার পরিকল্পনা হয়।
শুভ সপ্তম শ্রেণীতে পড়তো। শুভর লাশ দুপুরে মিরসরাই নিয়ে যাওয়া হয়। বিকালে তার জানাজা হবে।
শুভর সঙ্গে ঢাকায় আনা অন্য দুই শিক্ষার্থী নয়ন শীল ও জুয়েল বড়–য়া অ্যাপোলে হাসপাতালে রয়েছে।
গত ১১ জুলাই মিরসরাইয়ের বড়তাকিয়া-আবু তোরাব বাজার সংযোগ সড়কের সৈদালী নামক স্থানে একটি ছোট ট্রাক উল্টে ৪০ স্কুলছাত্রের মৃত্যু হয়। পরে মারা যায় আরেক ছাত্র।
শুভসহ তিন জন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলো। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার বিকালে তাদের বিমান যোগে ঢাকায় আনা হয়।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নয়ন শীল বাম চোখে কম দেখছে এবং তার শরীরের বাম পাশ অবশ হয়ে গেছে। এছাড়া রায়হান ও জুয়েল মেনিনজাইটিসে ভুগছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএইচসি/এমআই/১৩৩৭ ঘ.
bdnews24