ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)Ñ খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর আয়কর ফাঁকির মামলার অভিযোগ গঠনের শুনানি আবার পিছিয়েছে।
এ নিয়ে অষ্টমবারের মতো পেছালো এ মামলার অভিযোগ গঠনের শুনানি।
বৃহস্পতিবার কোকোর আইনজীবীরা এ মামলায় অভিযোগ গঠনের শুনানি জন্য আবারো সময় চাইলে আগামী ১১ অক্টোবর এ জন্য দিন রাখেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জহুরুল হক।
কোকোর পক্ষে শুনানিতে অংশ নেন তার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া ও জয়নাল আবেদীন মেসবাহ।
কোকোর আইনজীবীরা আদালতে বলেন, এ মামলার বৈধতা নিয়ে গত বছরের ৯ জুন রুল জারি করে হাইকোর্ট। তা হাইকোর্ট বিভাগে ডিভিশন বেঞ্চে শুনানির অপেক্ষায় রয়েছে।
ওই রুলের শুনানি না হওয়া পর্যন্ত এ আদালতে অভিযোগ গঠনের শুনানি মুলতবি করার জন্য আবেদন জানানো হয়।
গত বছরের ১ মার্চ কোকোর বিরুদ্ধে এ মামলা করেন জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কর কমিশনার শাহীন আক্তার হোসেন।
মামলায় বলা হয়, কোকো আয়কর বিবরণীতে ২০০২ করবর্ষ থেকে ২০০৭ করবর্ষ পর্যন্ত ৫২ লাখ ৩৯ হাজার টাকার তথ্য গোপন করে এর ওপর প্রযোজ্য আয়কর ফাঁকি দেন।
জরুরি অবস্থার সময় গ্রেপ্তার কোকো পরে সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেয়ে থাইল্যান্ড যান। তার অনুপস্থিতিতে গত ২৩ জুন মুদ্রা পাচারের একটি মামলায় তার ছয় বছর সশ্রম কারাদণ্ড হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/এমআই/১২১৭ ঘ.
bdnews24