মৌলভীবাজার, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী হত্যার অভিযোগে পুলিশ মৌলভীবাজারের জুড়ী উপজেলা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার গভীর রাতে বাবুসিংগাঁও গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় পঞ্চমনি সিংহকে (৪৫)।
বুধবার দুপুরে আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানো হয়।
জুড়ী থানার ওসি মো. হাসানুজ্জামান নিহতের পরিবারের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের দাবিতে বিনোদিনীকে মারধর করতো পঞ্চমনি সিংহ।
গত ১৪ অগাস্ট সকালে পঞ্চমনি সিংহের স্ত্রী বিনোদিনী দেবীর মৃতদেহ উদ্ধার করা হয় তার ঘর থেকে।
যৌতুকের টাকা না পেয়ে পঞ্চমনি সিংহ বিনোদিনী দেবীকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেন।
১৪ অগাস্ট রাতেই পঞ্চমনি সিংহকে আসামি করে নিহতের বাবা এইচ সাম্বাতন সিংহ জুড়ী থানায় একটি হত্যা মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৮ ঘ.
bdnews24