২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামিউল হত্যা মামলা: অভিযোগ গঠনের শুনানি হয়নি

শিশু সামিউল হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য প্রয়োজনীয় নথি সংগ্রহে ব্যর্থতার কারণে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে সতর্ক করেছেন বিচারক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2011, 07:02 PM

Updated : 24 Aug 2022, 03:54 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশু সামিউল হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য প্রয়োজনীয় নথি সংগ্রহে ব্যর্থতার কারণে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে সতর্ক করেছেন বিচারক। এ মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য নির্ধারিত শুনানি বুধবার নথির অভাবে তৃতীয়বারের মতো পিছিয়ে গেল। ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জেসমিন আনোয়ার এ আদালতের পিপি রফিকুজ্জামান টিপুকে মামলাটির কেইস ডকেটের অভাবে শুনানি করতে না পারায় সতর্ক করে দেন। বিচারক আগামি ২৬ সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানির জন্য আবারো দিন রাখেন। গত ৯ অগাস্ট এ মামলার দুই আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করতে না পারলে এ শুনানি পিছিয়ে যায়। সামিউলের (৫) মা আয়েশা হুমায়রা এশা (২৫) ও বাক্কুর (৩৮) অনৈতিক সম্পর্কের জের ধরে গত বছরের ২৩ জুন রাতে রাজধানীর আদাবরে খুন হয় সামিউল। তাদের অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় সামিউলকে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা করে বাক্কু । সামিউলকে খুনের পর তাদের নবোদয় হাউজিংয়ের বাসার পাশে বস্তাবন্দি করে ফেলে রাখা হয়। এ ঘটনায় সামিউলের বাবা কে আর আজম (৪২) আদাবর থানায় বাদি হয়ে হত্যা ও লাশ গুমের অভিযোগ এনে এশা ও বাক্কুর বিরুদ্ধে মামলা করেন। গত বছরের ২৫ অক্টোবর এ মামলায় তদন্ত কর্মকর্তা আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহান হক ওই দুইজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বুধবার আদালতে বাক্কুর পক্ষে জামিন চাওয়া হলে তা নাকচ করেন বিচারক। জামিনের আবেদনের বিরোধিতা করেন বাদির আইনজীবী আমিুল গনী টিটো। মামলার দুই আসামিই কারাগারে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/০০৩৯ ঘ.