পঞ্চগড়, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিটমহল বিনিময় চুক্তি না হওয়া পর্যন্ত আমরণ অনশনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি।
বাংলাদেশ ও ভারতের মধ্যে মঙ্গলবার স্বাক্ষরিত একটি প্রটোকল প্রত্যাখ্যান করে এ কর্মসূচি দিয়েছে কমিটি।
দুদেশের মধ্যে ১৯৭৪ সালের স্থলসীমা চুক্তির আওতায় এ প্রটোকল স্বাক্ষর হয়েছে। এর আওতায় দুদেশের অচিহ্নিত সীমানা চিহ্নিত করণ, অপদখলীয় ভূমি এবং ছিটমহল বিষয়ক দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলে বুধবার ঢাকা-দিল্লি যৌথ বিবৃতিতে বলা হয়েছে।
বুধবার বিকেলে পঞ্চগড় সদরের গারাতি ছিটমহল নাগরিক কমিটির চেয়ারম্যান মো. মফিদার রহমান বলেন, "প্রটোকলে কী আছে তা আমরা কিছুই জানি না। বিষয়টি আমাদের কাছে পরিষ্কারও নয়। এজন্য সমন্বয় কমিটির নেতৃবৃন্দ নিজেদের মধ্যে আলোচনা করে আমরণ অনশনের কর্মসূচি চূড়ান্ত করেছে।
"ছিটমহল বিনিময় চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত আমরা আমরণ অনশনে থাকবো।"
এ বিষয়ে তারা বুধবার জেলা প্রশাসকের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। তবে প্রশাসক দেবীগঞ্জে থাকায় কথা হয়নি।
বাংলাদেশের পভতরে ১১১টি ভারতীয় ছিটমহল এবং ভারতের সীমানায় বাংলাদেশের ৫১টি ছিটমহল রয়েছে। নতুন করা প্রটোকলের মাধ্যমে ১৯৭৪ সালের চুক্তির আওতায় এসব ছিটমহল বিনিময় করবে দুই দেশ। এছাড়া দুই দেশের মধ্যে সাড়ে ৬ কিলোমিটার অচিহ্নিত সীমানা এবং অপদখলীয় ভূমি সমস্যারও সমাধান করা হবে এর মাধ্যমে।
ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতারা জানান, তারা বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি শুরু করবেন। সেখানে পঞ্চগড়ের ভেতরে ভারতীয় বিভিন্ন ছিটমহলের নাগরিকরা যোগ দেবেন।
বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মোবাইল ফোনে বলেন, "প্রটোকল স্বাক্ষরের সময় ছিটমহলের কোনো প্রতিনিধি রাখা হয়নি। তাই প্রটোকল নিয়ে আমাদের স্পষ্ট কোনো ধারণা নেই। এটি কীভাবে বাস্তবায়ন হবে তাও কিছু জানি না আমরা।"
তিনি জানান, বাংলাদেশের ভেতর ভারতীয় সব ছিটমহলের নাগরিকরা একযোগে স্ব স্ব এলাকায় অনশন কর্মসূচিতে অংশ নেবেন।
এ প্রসঙ্গে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি ভারত শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিপ্তীমান সেন গুপ্ত মোবাইল ফোনে বলেন, "এই চুক্তি একেবারে ধাপ্পাবাজি। আগামী ২০ বছরেও এর বাস্তবায়ন হবে না। আমরা অনেক চুক্তি ও প্রটোকল দেখেছি। আজো এর কোনটারই বাস্তবায়ন হয়নি। তাই আমরা চুক্তি বা প্রটোকল চাই না।
"আমরা চাই ছিটমহল বিনিময়ের নির্দিষ্ট তারিখ। যতদিন না নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে ততদিন পর্যন্ত আমরা উভয় দেশের ছিটমহলের নাগরিকরা আমরণ অনশন চালিয়ে যাব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/০০১২ ঘ.
bdnews24