২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানী কবরস্থানে সায়েমের দাফন সম্পন্ন

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানকের ছেলে সায়েম-উর রহমান সায়েমকে (২৮) রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। মঙ্গলবার রাতে কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2011, 03:14 PM

Updated : 24 Aug 2022, 03:54 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানকের ছেলে সায়েম-উর রহমান সায়েমকে (২৮) রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। মঙ্গলবার রাতে কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। বুধবার আসরের নামাজের পর জাতীয় সংসদের পশ্চিম পাশের মাঠে জানাজার পর রাত ৯টায় বনানীতে দাফন করা হয় সায়েমকে। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার আবদুল হামিদ ও ডেপুটি স্পিকার শওকত আলী গভীর শোক প্রকাশ করেছেন। কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার পথে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ফাঁসিয়াখালী এলাকায় সায়েমের মাইক্রোবাসের চাকা ফেটে যায়। চালকের আসনে থাকা সায়েম নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মাইক্রোবাসটি একটি সেতুর সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং তাতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সায়েম। নানকের শ্যালক সৈয়দ গোলাম পিউও এ দুর্ঘটনায় আহত হন। চট্টগ্রাম থেকে একটি এম্বুলেন্সে করে বুধবার বেলা ১১টার দিকে সায়েমের লাশ ঢাকায় এনে মোহাম্মদপুরের আল মারকাজুল ইসলামে রাখা হয়। সেখান থেকে বেলা ১টার দিকে মরদেহ নেওয়া হয় জাতীয় সংসদ বাংলোয় প্রতিমন্ত্রীর বাসভবনে। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে নানকের বাসভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীন, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা, বাংলাদেশর ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমর, সাবেক ভূমি প্রতিমন্ত্রী রুহুর কুদ্দুস তালুকদার দুলুসহ মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতারা নানকের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান। সায়েমের বন্ধু ইরফান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই বছর আগে আনিকা রহমানের সঙ্গে সায়েমের বিয়ে হয়। মেহেরিশ কবীর নামে তাদের সাত মাস বয়সী একটি মেয়ে রয়েছে। সায়েমের বড় বোন বিথিকা আফরিন রাখি যুক্তরাজ্যে আইন বিষয়ে লেখাপড়া করছেন। ভাইকে শেষবারের মতো দেখতে বুধবার সন্ধ্যায় দেশে ফেরেন তিনি। স্পিকার আবদুল হামিদ, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবিএম তাজুল ইসলাম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, সাংবাদিক এবিএম মুসা, আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, আব্দুল জলিল, আমীর হোসেন আমু, ওবায়দুল কাদের, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শহীদুল হক, ডিএমপি কমিশনার বেনজির আহমেদ প্রমুখ সায়েমের জানাজায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমএইচসি/এসইউএম/জেকে/২১০০ ঘ.