ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবতাবিরোধী অপরাধের বিচার করে দৃষ্টান্ত স্থাপনে সহায়তা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।
বুধবার দুপুরে রাজধানীতে বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও তদন্ত কর্মকর্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শফিক আহমেদ বলেন, "এটা কোনো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নয়। বরং এটি একটি অভ্যন্তরীণ ট্রাইব্যুনাল। তবে এখানে যে সব অপরাধের বিচার হচ্ছে সেগুলো আন্তর্জাতিক আইনেও অপরাধ হিসাবে স্বীকৃত।"
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "আপনারা আমাদের সহায়তা দিন; যাতে আন্তর্জাতিক মান রক্ষা করে আমরা এই বিচার করতে পারি।"
"আন্তর্জাতিক মান রক্ষা করে যদি এই বিচার করা সম্ভব হয়, তাহলে এটা আন্তর্জাতিক অঙ্গনে নতুন দৃষ্টান্ত স্থাপিত হবে।"
এই বিচারে আত্মপক্ষ সমর্থনে অভিযুক্তদের পর্যাপ্ত সুযোগ রয়েছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, "দুটি কারণে এই বিচার হওয়া উচিত। প্রথমত, পার পেয়ে যাওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে এই বিচার হওয়া উচিত। দ্বিতীয়ত, আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই অভিযুক্তদের বিচার হওয়া উচিত। কারণ ক্ষতিগ্রস্তদেরও ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে।"
যে কোনো মৌখিক ও দালিলিক, মুদ্রিত ও ইলেকট্রনিক সাক্ষ্য, গ্রন্থ, সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন ও ছবি, সাময়িকী ও ম্যাগাজিন, ফিল্ম টেপ রেকর্ডিং ইত্যাদি প্রমাণ হিসাবে ট্রাইব্যুনালে উপস্থাপন করা যাবে বলে জানান আইনমন্ত্রী।
তিনি বলেন, "এছাড়া এই বিচারে মার্কিন যুক্তরাষ্ট্র, বৃটেন, ভারতসহ অন্যান্য দেশ থেকে দলিল সংগ্রহ করা হচ্ছে। এই প্রশিক্ষণ এসব দলিল পদ্ধতিগত ও বৈজ্ঞানিকভাবে ট্রাইব্যুনালে উপস্থাপনে সহায়তা করবে।"
আইন বিষয়ক প্রশিক্ষণ সংস্থা কেইস ম্যাট্রিক্স নেটওয়ার্কের তিন সদস্য প্রশিক্ষক হিসাবে কর্মসূচিতে যোগ দেন।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন, তদন্ত সংস্থার সমন্বয়ক মো. সানাউল হক, কেইস ম্যাট্রিক্স নেটওয়ার্কের জ্যেষ্ঠ উপদেষ্টা ড. প্যাট্রিক ট্রিনর এবং মিস এলিসা নোভিক প্রমুখ।
পরে মন্ত্রী প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সনদ বিতরণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২০৪১ ঘ.
bdnews24