গাজীপুর, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর থেকে ছিনতাই হওয়া পিকআপ ভর্তি ডিম নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। ছিনতাইয়ের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার রাত ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের উত্তর শালনা এলাকা থেকে ডিম বহনকারী পিকআপটি ছিনতাই হয়। ওই রাতেই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ডিমগুলো উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার হয়েছেন আব্দুল কাদের মিয়া (৩৫), মুসা আলী (৩৫), ইয়াছিন আলী (২২) এবং ডিম ব্যবসায়ী মনির হোসেন (৩০)।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ মো. আজহারুল ইসলাম সাংবাদিকদের জানান, ময়মনসিংহের গফরগাঁও থেকে ডিম ব্যাবসায়ী আমিন মিয়া ১৭ হাজার ৬৪০টি ডিম একটি পিকআপে করে ঢাকার তেজগাঁও নিয়ে যাচ্ছিলেন।
রাত ১টার দিকে উত্তর শালনা এলাকার ন্যাশনাল পার্ক এলাকায় ৮-৯ জন ছিনতাইকারী আরেকটি পিকআপ নিয়ে ডিমের গাড়ির গতিরোধ করে।
অস্ত্রের ভয় দেখিয়ে ডিম ব্যবসায়ী আমিন মিয়া, গাড়ি চালক রুকন মিয়া ও চালকের সহকারী জুয়েলকে ডিমের গাড়ি থেকে নামিয়ে ছিনতাইকারীদের পিকআপে তুলে হাত-পা বেঁধে রাখে। পরে তাদের নিয়ে পিকআপটি ময়মনসিংহের দিকে চলে যায়।
এদিকে ছিনতাইকারীদের অপর সহযোগীরা ডিম ভর্তি পিকআপটি নিয়ে নারায়ণগঞ্জের দিকে চলে যায় বলে জানান এসআই।
পুলিশ কর্মকর্তা আরো জানান, ময়মনসিংহগামী পিকআপটি গাজীপুরের হোতাপাড়া ফাঁড়ি অতিক্রম করার সময় পুলিশের সন্দেহ হলে আটক করে তল্লাশি করা হয়। এ সময় তিনজনকে হাত-পা বাঁধা অবস্থায় দেখে কাদেরকে গ্রেপ্তার করা হয়।
পরে কাদেরের দেওয়া তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বাকিদের গ্রেপ্তার এবং ডিম উদ্ধার করা হয়।
এসআই জানান, রাত ৩টার দিকে গ্রেপ্তারকৃত তিনজন ও ডিমের গাড়িটি জয়দেবপুর থানায় নিয়ে আসা হয়।
এ ব্যাপারে জয়দেপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮২২ ঘ.
bdnews24