ঢাকা, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেছেন, ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দুই দেশের সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মনমোহন বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এই সফরে বাংলাদেশের সঙ্গে যেসব চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তা রাষ্ট্রপতিকে অবহিত করেন ভারতের প্রধানমন্ত্রী।
রাষ্ট্রপতি বলেন, "বাংলাদেশ ও ভারতের মধ্যে অত্যন্ত চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান এবং আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরো জোরদার হবে।"
ভারত কৃষি, বিদ্যুৎ, বাণিজ্য, বিনিয়োগসহ অন্যান্য খাতে সহযোগিতার সম্পর্ক বাড়াতে খুবই আগ্রহী বলে রাষ্ট্রপতিকে জানান মনমোহন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা করে মনমোহন বলেন, "২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের মধ্য দিয়ে দুই দেশের সহযোগিতার যে নতুন অধ্যায়ের সূচনা হয় তা সুদূরপ্রসারী ফল বয়ে আনবে।"
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে বাংলাদেশের পক্ষ থেকে 'স্বাধীনতা সম্মাননা' দেওয়ায় এ দেশের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মনমোহন।
পরে বঙ্গভবনের পরিদর্শন বইয়ে সই করেন ভারতীয় প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি জিল্লুর রহমান ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিলকে তার সুবিধা মতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রীর মাধ্যমে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা, আসামের মুখ্যমন্ত্রী তরুণ গোগৈ, মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা, মিজোরামের মুখ্যমন্ত্রী লালথানহাওলা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শঙ্কর মেনন, ভারতের পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাই, ভারতীয় হাই কমিশনার রাজীত মিত্র এবং বাংলাদেশের খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, পরাাষ্ট্র সচিব মিজারুল কায়েস, রাষ্ট্রপতির সচিব মো. শফিউল আলম, সামরিক সচিব কাজী ফখরুদ্দীন আহমেদ, রাষ্ট্রপতির প্রেস সচিব এ কে এম নেছার উদ্দিন ভুঞা সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।
দুই দিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী মঙ্গলবার ঢাকায় আসেন। সফরের প্রথম দিনে দুই দেশের শীর্ষ বৈঠক হয়। এতে পারস্পরিক সহযোগিতার একটি রূপরেখা চুক্তিতে সই করেন দুই দেশের প্রধানমন্ত্রী।
সফর শেষে বুধবার সন্ধ্যা ৬টার দিকে নয়া দিল্লির পথে ঢাকা ছাড়েন মনমোহন সিং।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৮৩১ ঘ.
bdnews24