ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের ৮৮ শতাংশ মানুষ যুদ্ধাপরাধীদের বিচার চায়, তাই যুদ্ধাপরাধীদের বিচার হবেই- এ কথা বলেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
বুধবার সকালে বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও তদন্ত কর্মকর্তাদের জন্য দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী কামরুল বলেন, বাংলাদেশের ৮৮ ভাগ মানুষ যুদ্ধাপরাধীদের বিচার চায়। এটা যুদ্ধাপরাধীদের বিচারের একটা বড় ধরনের সুযোগ। এ সুযোগ কাজে লাগতে আমরা দৃঢ় সংকল্পবদ্ধ।
তবে কোনো রাজনৈতিক দলের বিচার হচ্ছে না জানিয়ে তিনি বলেন, "এই বিচারে আমরা কোনো ফাঁকফোকর রাখতে চাই না। কোনো রাজনৈতিক দলের বিচারও করতে চাচ্ছি না। কেবল ৭১'র মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদেরই বিচার হবে।"
প্রয়োজনীয় নথিপত্র পাওয়া না যাওয়ায় যুদ্ধাপরাধের বিচারের সমস্যার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, "স্বাধীনতার পর ৩০ বছর যুদ্ধাপরাধীরা নানাভাবে রাষ্ট্র ক্ষমতায় ছিলো-। নিজেদেরকে বাঁচাতে তারা ওই সময়কালে বিভিন্ন মূল্যবান দলিলপত্র নষ্ট করে ফেলেছে। এগুলোর অনেক কিছুই এখন পাওয়া যাচ্ছে না।"
জিয়াউর রহমানকে যুদ্ধাপরাধী পুনর্বাসনের জন্য অভিযুক্ত করে কামরুল বলেন, "বঙ্গবন্ধুর আমলে অনেককে গ্রেপ্তার করা হয়, দণ্ডও দেওয়া হয়। কিন্তু জিয়া সবাইকে ছেড়ে দেন, প্রধানমন্ত্রীও করেন। খালেদা জিয়াও তাদের প্রশ্রয় দিয়ে, পুনর্বাসন করে, তাদের সঙ্গে সখ্য গড়ে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন।"
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু। বক্তব্য দেন তদন্ত সংস্থার প্রধান আব্দুল হান্নান খান, কেস ম্যাট্রিক্স নেটওয়ার্কের জ্যেষ্ঠ উপদেষ্টা ড. প্যাট্রিক ট্রিনর এবং মিস এলিসা নোভিক।
আইন বিষয়ক প্রশিক্ষণ সংস্থা কেস ম্যাট্রিক্স নেটওয়ার্কের তিন জন প্রশিক্ষক এ কর্মসূচিতে যোগ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/কিউএইচ/এমআই/১৪২০ ঘ.
bdnews24